খুলনায় চাকরি মেলার উদ্বোধন

আপডেট : ২১ জানুয়ারি ২০২০, ২২:১১

১৫ হাজার প্রার্থীর আবেদন

খুলনা অফিস

খুলনায় চাকরি মেলায় ১৫ হাজার প্রার্থী অংশগ্রহণ করেছেন। গতকাল মঙ্গলবার খুলনা জেলা স্টেডিয়াম সংলগ্ন জিমনেশিয়াম হলে দুই দিনব্যাপী চাকরি মেলার প্রথম দিনেই এ বিপুলসংখ্যক প্রার্থী আবেদন করেন। ১১৭ পদে আড়াইশর বেশি কর্মী নিয়োগের উদ্দেশ্যে দেশের ৩৪টি বড়ো প্রতিষ্ঠান মেলায় অংশ নিয়েছে।

গতকাল মঙ্গলবার দুপুরে প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) মেয়র তালুকদার আব্দুল খালেক।

প্রধান অতিথির বক্তৃতায় সিটি মেয়র বলেন, সরকারের একার পক্ষে দেশের সব শিক্ষিত তরুণদের চাকরির সুযোগ দেওয়া সম্ভব নয়। এক্ষেত্রে বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে আন্তরিকতার সঙ্গে এগিয়ে আসতে হবে। মেলার সমন্বয়ক বিডিজবস ডটকমের জ্যেষ্ঠ ব্যবস্থাপক মোহাম্মদ আলী ফিরোজ বলেন, অন্তত ১৫ হাজার তরুণ-তরুণী মেলায় অংশ নিয়েছেন। মেলায় চাকরিদাতা ৩৪টি প্রতিষ্ঠান যোগ দিয়েছে। তারা তাত্ক্ষণিক চাকরি প্রার্থীদের সঙ্গে কথা বলেছেন। বুধবার মেলার শেষ দিন কোম্পানির প্রতিনিধিরা শুধু নির্বাচিত চাকরি প্রার্থীদের সাক্ষাত্কার নেবেন।