সংবাদ সংক্ষেপ

আপডেট : ২১ জানুয়ারি ২০২০, ২২:১১

বিএম কলেজে দু’পক্ষের সংঘর্ষ

পালটাপালটি বিক্ষোভ

বরিশাল অফিস সরকারি বিএম কলেজে মঙ্গলবার ছাত্রলীগ ও ছাত্রফ্রন্ট পালটাপালটি বিক্ষোভ করেছে। গত ১৫ জানুয়ারি রাতে বিএম কলেজের সন্ধানী ব্লাড ডোনার ক্লাবের সামনে ছাত্রলীগ ও ছাত্রফ্রন্ট নেতার মধ্যে সংঘর্ষের জেরে মঙ্গলবার দুই পক্ষ ক্যাম্পাসে পালটাপালটি বিক্ষোভ ও মানববন্ধন করে। অধ্যক্ষ প্রফেসর মো. শফিকুর রহমান জানান, সন্ত্রাস, মাদক, মেয়েদের উত্ত্যক্তকরণ রোধ ও বহিরাগতের প্রবেশ বন্ধসহ নানান দাবিতে সাধারণ শিক্ষার্থীরা কর্মসূচি পালন করে। এছাড়াও ছাত্রফ্রন্ট নেতাকর্মীরা তার (অধ্যক্ষের) কক্ষে এসে নানা দাবি জানিয়েছে। এসব দাবির প্রেক্ষিতে কলেজ প্রশাসন কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিজিলেন্স টিম গঠন করা হয়েছে। শিক্ষকরা সার্বক্ষণিক এ দায়িত্ব পালন করবে।

অতিরিক্ত মদপানে

দুই জনের মৃত্যু

নড়িয়া (শরীয়তপুর) সংবাদদাতা  শরীয়তপুরের নড়িয়া উপজেলায় অতিরিক্ত মদ্যপানে রিপন হাওলাদার (৩৮) ও মঞ্জু মল্লিক (৫৫) নামে দুই জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। মঙ্গলবার সকালে চিকিত্সাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। নি?হত রিপন উপজেলার ঘড়িসার ইউনিয়নের নন্দনসার গ্রামের মৃত ইউনুস হাওলাদেরর ছেলে ও মঞ্জু থিরপাড়া গ্রামের নুর মোহাম্মদ মল্লিকের ছেলে। নড়িয়া থানার ওসি জানান, একজন মদ্যপানে মারা গেছে এমন তথ্য পেয়েছি। আরেক জনের মৃত্যু কীভাবে হয়েছে তা পরিষ্কার নয়। বিষয়টি তদন্ত করা হচ্ছে। আর মরদেহ ময়নাতদন্ত করা হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

বুলবুলে ক্ষতিগ্রস্ত চাষিদের বীজ ও রাসায়নিক সার প্রদান

তালতলী (বরগুনা) সংবাদদাতা তালতলীতে মঙ্গলবার উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ঘূর্ণিঝড় বুলবুলে ক্ষতিগ্রস্ত চাষিদের এবং রবি মৌসুমের চলমান প্রকল্পের ক্ষুদ্র এবং প্রান্তিক ৮৪৫ চাষিকে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়। তালতলী উপজেলা পরিষদ চত্বরে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন উপজেলা চেযারম্যান রেজবি-উল কবির জোমাদ্দার। সভাপতিত্ব করেন তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সেলিম মিঞা।

কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ বিতরণ

চরভদ্রাসন (ফরিদপুর) সংবাদদাতা চরভদ্রাসনে উপজেলা কৃষি অফিসের আয়োজনে ৩২ জন কৃষকের মাঝে বিনামূল্যে উচ্চ ফলনশীল নতুন জাতের বীজ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার কৃষি অফিসের সামনে প্রন্তিক চাষিদের মাঝে বীজ বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন সুলতানা ও উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মোতালেব হোসেন মোল্লা।

ফ্যাশন ডিজাইন প্রশিক্ষণের উদ্বোধন

বিরামপুর (দিনাজপুর) সংবাদদাতা বিরামপুরে মঙ্গলবার ফ্যাশন ডিজাইন প্রশিক্ষণের উদ্বোধন হয়েছে। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রশিক্ষণের মাধ্যমে নারীর কর্মসংস্থান এবং উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে এ প্রশিক্ষণ। এ উপলক্ষ্যে দিনাজপুর উইমেন্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ও কলোনীপাড়া মহিলা উন্নয়ন সমিতির সভানেত্রী জান্নাতুন সাফা শাহিনুরের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান খায়রুল আলম রাজু, উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদুর রহমান প্রমুখ।

‘তথ্য আপা’ প্রকল্পের উঠান বৈঠক

আশুগঞ্জ (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা ‘তথ্য আপা’ প্রকল্পের আওতায় জাতীয় মহিলা সংস্থার ব্যবস্থাপনায় মঙ্গলবার আশুগঞ্জে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। উপজেলার আড়াইসিধা গ্রামের বড়বাড়িতে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন আশুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. হানিফ মুন্সি। আশুগঞ্জ উপজেলা তথ্য সেবা কেন্দ্রের উদ্যোগে অনুষ্ঠিত বৈঠকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজিমুল হায়দারের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাংবাদিক সেলিম পারভেজ, মহিলা ভাইস চেয়ারম্যান লিমা সুলতানা, উপজেলা তথ্যসেবা  কর্মকর্তা শারমিন আক্তার প্রমুখ।

গণহত্যা ও ন্যায়বিচার বিষয়ক কর্মশালা

মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা মির্জাপুরে মঙ্গলবার গণহত্যা ও ন্যায়বিচার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মির্জাপুরের ভারতেশ্বরী হোমসের প্রিন্সিপাল প্রতিভা মুত্সুদ্দি মিলনায়তনে (পিপিএম হলে) এ কর্মশালা অনুষ্ঠিত হয়। মুক্তিযুদ্ধ জাদুঘর জেন্ডার ও জাস্টিস কোর্স (ইউন্টার স্কুল) এবং কুমুদিনী ওয়েল ফেয়ার ট্রাস্ট অব বেঙ্গল (বিডি) লি. এ কর্মশালার আয়োজন করে। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন কুমুদিনী ওয়েল ফেয়ার ট্রাস্ট অব বেঙ্গল (বিডি) লি. এর শিক্ষা পরিচালক ও ভারতেশ্বরী হোমসের সাবেক প্রিন্সিপাল ভাষা সৈনিক এবং একুশে পদকপ্রাপ্ত প্রতিভা মুত্সুদ্দি। বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সংসদের কেন্দ্রীয় কমিটির সাবেক ডেপুটি কমান্ডার মুক্তিযোদ্ধা মো. আবুল কালাম আজাদ বীর প্রতীক, মো. সোলাইমান মিয়া, মির্জাপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মুক্তিযোদ্ধা সরকার হিতেশ চন্দ্র পুলক প্রমুখ।

বরিশালে কালেক্টরেট সহকারীদের

কর্মবিরতি-অবস্থান ধর্মঘট

বরিশাল অফিস পদবী পরিবর্তন ও বেতন স্কেল উন্নীতকরণের দাবিতে সারাদেশের মতো বরিশালেও মঙ্গলবার কর্মবিরতি এবং অবস্থান ধর্মঘট পালন করেছেন জেলা কালেক্টরেট সহকারীরা। কেন্দ্রিয় কর্মসূচীর অংশ হিসেবে দ্বিতীয় দিনের মতো কর্মসূচী পালন করেন তারা। বরিশালের কর্মসূচী চলাকালে জেলা কালেক্টরেট সহকারী সংগঠনের সভাপতি মাহফুজুর রহমান ও সাধারণ সম্পাদক বারেক মোল্লাসহ অন্যরা বক্তব্য রাখেন। দাবি আদায় না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

‘ধর্মীয় সহনশীলতায় সাংবাদিকদের ভূমিকা’

শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা সমাপ্ত

ময়মনসিংহ প্রতিনিধি ময়মনসিংহ প্রেসক্লাব অডিটোরিয়ামে কানাডিয়ান হাইকমিশনের সহায়তায় নিউজ নেটওয়ার্ক আয়োজিত ‘ধর্মীয় সহনশীলতায় সাংবাদিকদের ভূমিকা’ শীর্ষক চার দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সমাপনী হয়েছে মঙ্গলবার। এ দিন সনদ বিতরণ করেন ময়মনসিংহের বিভাগীয় কমিশনার খোন্দকার মোস্তাফিজুর রহমান। সমাপনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, নিউজ নেটওয়ার্কের সম্পাদক শহীদুজ্জামান, ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অমিত রায় প্রমুখ।

টাঙ্গাইলে দুদকের গণশুনানি

টাঙ্গাইল প্রতিনিধি টাঙ্গাইলের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের অনিয়ম দুর্নীতির চিত্র নিয়ে মঙ্গলবার গণশুনানি হয়। দুর্নীতি দমন কমিশন (দুদক) টাঙ্গাইল জেলা সমন্বিত কার্যালয় সদর উপজেলা মিলনায়তনে এ গণশুনানির আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন দুদক কমিশনার এ এফ এম আমিনুল ইসলাম। টাঙ্গাইলের জেলা প্রশাসক শহীদুল ইসলামের সভাপতিত্বে গণশুনানি অনুষ্ঠিত হয়।

কামারখন্দে বিদ্যালয় পর্যায়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা

কামারখন্দ (সিরাজগঞ্জ) সংবাদদাতা সিরাজগঞ্জের কামারখন্দে মাধ্যমিক বিদ্যালয় পর্যায়ে গান, আবৃত্তি ও নৃত্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি সংস্থা ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি)-এর সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মসূচির আয়োজনে ও পিকেএসএফ এবং এনডিপির অর্থায়নে মঙ্গলবার বেলা ১১টায় উপজেলার ভদ্রঘাট শামছুন মহসিন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ সময় এনডিপি’র সহকারি পরিচালক (কর্মসূচি) জুবায়ের জাহান খান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক জীবন কুমার সাহা, এনডিপির প্রোগ্রাম অফিসার ফজল করিম প্রমুখ উপস্থিত ছিলেন। শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

 

 

০