সরকারি সাব কন্ট্রাকটিং ক্রয়ে স্থানীয় প্রকৌশল প্রতিষ্ঠান উপেক্ষিত

আপডেট : ২১ জানুয়ারি ২০২০, ২২:২৭

 ইত্তেফাক রিপোর্ট

সাব-কণ্ট্রাকটিং তালিকাভুক্ত শিল্পপ্রতিষ্ঠানের কাছ থেকে সীমিত দরপত্র বা সরাসরি দরপত্র আহ্বানের মাধ্যমে সরকারি প্রতিষ্ঠানগুলো পক্ষ থেকে আশানুরূপ পরিমাণ যন্ত্রপাতি ও যন্ত্রাংশ ক্রয় করা হচ্ছে না বলে অভিযোগ করেছেন এ খাতের উদ্যোক্তারা। তারা বলেন, গ্যাস ও রেলওয়ে সেক্টরে যেসব যন্ত্রপাতি করা হয়, তার কিছু অংশ সাব-কন্ট্রাকটিংয়ের মাধ্যমে হালকা প্রকৌশল শিল্পকারখানা থেকে ক্রয় করা হতো। গত ৪ বছর যাবত্ তা বন্ধ আছে। উদ্যোক্তারা এ অবস্থা থেকে উত্তরণের দাবি জানিয়েছেন। গতকাল মঙ্গলবার রাজধানীর বিয়াম মিলনায়তনে ‘বৃহত্ শিল্পের সাথে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের সাব-কণ্ট্রাকটিং সংযোগ ব্যবস্থার বাস্তবায়ন ও উন্নয়ন’ শীর্ষক সেমিনারে তারা এসব কথা বলেন। এতে প্রধান অতিথি ছিলেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন।

হালকা প্রকৌশল শিল্পের সম্ভাবনাকে কাজে লাগাতে ১৯৮৯ সালে শিল্প মন্ত্রণালয়ের সাব-কণ্ট্রাক্টিং বিধিমালা গেজেট আকারে জারি করে।

বিসিক চেয়ারম্যান মো. মোশতাক হাসানের সভাপতিত্বে  এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন শিল্প মন্ত্রণালয়ের সচিব মো. আবদুল হালিম, বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং মালিক সমিতির সভাপতি আবদুল রাজ্জাক, নাসিবের সভাপতি মির্জা নূরুল গণি শোভন, সাব-কন্ট্রাকটিং শিল্প মালিক সমিতির সভাপতি আমিরুল ইসলাম খান ট্রপি, বিসিকের পরিচালক ড. মো. আব্দুস ছালাম প্রমুখ।