কোচিংয়ে শচিন!

আপডেট : ২১ জানুয়ারি ২০২০, ২২:২৯

অস্ট্রেলিয়ায় দাবানলে ক্ষতিগ্রস্তদের সাহায্য করতে একটা চ্যারিটি ম্যাচ আয়োজিত হতে যাচ্ছে। আর সেখানেই প্রথমবারের মতো কোচিংয়ে আসছেন শচিন টেন্ডুলকার। যদিও, এর আগে তিনি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের দল (আইপিএল) মুম্বাই ইন্ডিয়ান্সে মেন্টর হিসেবে কাজ করেন। আয়োজকরা গতকাল মঙ্গলবার জানিয়েছে, কেবল শচিন নয় কোচ হিসেবে থাকছেন বাংলাদেশের সাবেক পেস বোলিং কোচ ও ফাস্ট বোলিংয়ের কিংবদন্তি কোটর্নি ওয়ালশ। দুই দলের ম্যানেজমেন্টে আরো থাকবেন স্টিভ ওয়াহ ও জাস্টিন ল্যাঙ্গার। ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ৮ ফেব্রুয়ারি। একে সামনে রেখে অবসরে থাকা একগাদা অস্ট্রেলিয়ান ক্রিকেটারের মিলনমেলা হতে যাচ্ছে। থাকছেন অ্যাডাম গিলক্রিস্ট, ব্রেট লি, মাইকেল ক্লার্ক ও শেন ওয়াটসন। দুই দলে অধিনায়ক হিসেবে থাকবেন শেন ওয়ার্ন ও রিকি পন্টিং।