নিউজিল্যান্ড গেল বিরাটের দল
স্পোর্টস ডেস্ক
অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের পর ভারতীয় দল যখন রীতিমত আকাশে উড়ছিল, তখন তাদের মাটিতে নামিয়ে আনল ইনজুরি। নিউজিল্যান্ড সফরের আগে বড়ো ধাক্কাই পেল বিরাট কোহলির দল। চোটের কারণে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে খেলতে পারবেন না ওপেনার শিখর ধাওয়ান। শঙ্কা আছে ইশান্ত শর্মাকে নিয়েও।
জানুয়ারির শেষ থেকে মার্চের প্রথম সপ্তাহ পর্যন্ত নিউজিল্যান্ডের মাটিতে পাঁচ টি-টোয়েন্টি, তিন ওয়ানডে ও দুটি টেস্ট খেলবে ভারত। ভারতীয় দল এরই মধ্যে নিউজিল্যান্ডের উদ্দেশ্যে যাত্রা করেছে। অধিনায়ক কোহলি বলেন, ‘শেষবার আমরা নিউজিল্যান্ডে গিয়ে ওয়ানডে সিরিজে জিতেছি। সেটা আমাদের যথেষ্ট আত্মবিশ্বাস দিচ্ছে। আমরা নিজেদের খেলার ব্যাপারে ইতিবাচক আছি। আশা করি, নিজেদের প্রত্যাশামাফিক ফলাফল পাব আমরা।’
অস্ট্রেলিয়ার বিপক্ষে দেশের মাটিতে দ্বিতীয় ওয়ানডেতে কাঁধে চোট পান শিখর, যদিও সুস্থ হয়ে খেলেন তৃতীয় ম্যাচ। তবে, বিধিবাম। তৃতীয় ম্যাচেও সেই একই জায়গায় আঘাত পান। পরে ডাক্তারি পরীক্ষার পর জানা গেছে, বেশ কিছুদিন বিশ্রামে থাকতে হবে তাকে। খেলা হচ্ছে না, নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম দুটো ম্যাচেই রান পেয়েছিলেন ধাওয়ান। কিন্তু, চোটের কারণে খেলতে পারেননি তৃতীয় ওয়ানডে। তাই, মনে করা হচ্ছে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ‘ফর্মে থাকা’ শিখর ধাওয়ানের না থাকাটা ভারতের কাছে বড়ো ধাক্কা। তবে এখনো পর্যন্ত বোর্ড অব কনট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) পক্ষ থেকে কোনো বদলির ঘোষণা আসেনি। এখানেই শেষ নয়, নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ শুরু যখন আর এক মাসের অপেক্ষা, তখন রঞ্জিতে দিল্লির হয়ে ম্যাচে গোড়ালিতে চোট পেয়েছেন পেসার ইশান্ত শর্মা।
