প্রিমিয়ার ফুটবল লিগের ভেন্যু চূড়ান্ত

আপডেট : ২১ জানুয়ারি ২০২০, ২২:৩২

নোয়াখালী বাদ * ঢুকেছে কুমিল্লা

 স্পোর্টস রিপোর্টার

প্রিমিয়ার ফুটবল লিগের খেলা হবে দেশের ছয় ভেন্যুতে। ভেন্যুগুলো চূড়ান্ত  করে ফেলেছে বাফুফে। বাদ দেওয়া হয়েছে নোয়াখালী ভেন্যু। কারণ এই ভেন্যুটি এমনিতেই ভালো ছিল না, তার ওপর যাদের ভেন্যু ছিল সেই নোফেল স্পোর্টিং ক্লাব এবং অফিস দল বিজেএমসি রেলিগেশন হয়ে গেছে। এই কারণে নোয়াখালীকে বাদ দেওয়া হয়েছে বলে গতকাল লিগ কমিটির কর্মকর্তা জাবের বিন আনসারী জানিয়েছেন। নতুন ভেন্যু যোগ হয়েছে কুমিল্লা। মোহামেডান খেলতে যাবে কুমিল্লায়। কুমিল্লা হচ্ছে মোহামেডানের সাবেক অধিনায়ক বাদল রায়ের বাড়ি। সেকারণে এবার বাদল রায় এই ভেন্যুটিকে ফুটবলের কাজে লাগাতে উদ্যোগ নিয়েছেন। এছাড়াও প্রিমিয়ার লিগের খেলা হবে বঙ্গবন্ধু স্টেডিয়াম, গোপালগঞ্জ, নীলফামারী, ময়মনসিংহ এবং সিলেটে। এই ভেন্যুগুলো গত মৌসুমেও ব্যবহার করা হয়েছে। কোনো পরিবর্তন হয়নি। ঢাকায় ভেন্যু হওয়ার কথা ছিল কমলাপুর স্টেডিয়াম এবং বনানী আর্মি স্টেডিয়াম। এই দুই ভেন্যুর খবর নেই। কমলাপুর স্টেডিয়ামে অন্য খেলা চলছে। আর জাবের বিন আনসারী জানিয়েছেন, আর্মি স্টেডিয়ামে পর্যাপ্ত সুযোগ-সুবিধা নেই। ড্রেসিং রুম নিয়ে তার আপত্তি আছে বলে জানিয়েছেন তিনি।

অন্য যেসব ভেন্যু রয়েছে সেগুলো নিয়ম অনুসারে নিজ নিজ ক্লাব যত্ন করবে। কিন্তু খেলা শুরু হয়ে গেলে দেখা যায়, বেশির ভাগই বাফুফের দিকে তাকিয়ে থাকে। আবাহনীর মতো বড়ো দল এখনো বঙ্গবন্ধু স্টেডিয়াম নির্ভর। আবাহনী যদি একটা নতুন ভেন্যুতে খেলতে যায় তাহলে দেশের ফুটবলের আরো উন্নতি হতো। চট্টগ্রাম আবাহনী চট্টগ্রামের দল হয়েও তারা চট্টগ্রামে খেলছে না। চট্টগ্রাম ভেন্যুটি ধ্বংসের মুখে। চট্টগ্রাম আবাহনী ঢাকায় ফ্ল্যাট ভাড়া করে ঢাকায় খেলছে। দলের কোচ, কর্মকর্তা, খেলোয়াড় সবাই ঢাকায় থাকেন। ছেলেমেয়েরা ঢাকায় লেখাপড়া করেন। এখন যদি তারা ফুটবলের কারণে চট্টগ্রামে অবস্থান করেন তাহলে পারিবার হতে বিচ্ছিন্ন হয়ে পড়বেন। অথচ চট্টগ্রামে খেললে সেখানকার ফুটবল ভেন্যুটি সচল থাকত এবং চট্টগ্রামের ফুটবলেও উন্নতির ছোঁয়া পড়ত। সেদিকে নজর নেই লিগ কমিটির।  প্রিমিয়ার লিগ শুরু হওয়ার কথা রয়েছে ৩০ জানুয়ারি।