পিএসজিতে ‘শতভাগ’ আছেন এমবাপে

আপডেট : ২১ জানুয়ারি ২০২০, ২২:৩২

স্পোর্টস ডেস্ক

কিলিয়ান এমবাপের প্রতি রিয়াল মাদ্রিদের আগ্রহটা বহুদিনের। বিশেষ করে ক্রিশ্চিয়ানো রোনালদো দল ছাড়ার পর থেকে ব্যাপারটা আরো জোরদার হয়েছে। তবে সম্প্রতি নিজের দাতব্য প্রতিষ্ঠানের এক অনুষ্ঠানে ফরাসি এই ফরোয়ার্ড সব গুঞ্জনকে উড়িয়েই দিলেন। জানালেন বর্তমান ক্লাব পিএসজির প্রতি শতভাগ দায়বদ্ধ তিনি। একই অনুষ্ঠানে ইউরোপসেরা দল লিভারপুলের ভূয়সী প্রশংসাও করেন পিএসজি ফরোয়ার্ড।

মোনাকো থেকে পিএসজিতে যোগ দেওয়ার আগেই এমবাপেতে চোখ ছিল রিয়ালের। এরপর প্রায় আড়াই মৌসুমে ৮৭ গোল করেছেন তিনি, ফ্রান্সের হয়ে জিতেছেন বিশ্বকাপও। ফলে সময়ের সঙ্গে সঙ্গে তার প্রতি রিয়ালের আগ্রহটা বেড়েছে বই কমেনি একটুও।

তবে এমবাপে এতে মোটেও কান দিতে চান না। জানালেন এখনই এসব নিয়ে মুখ খুলতে আগ্রহী নন তিনি, ‘সবাই এ নিয়ে কথা বলে, কয়েক বছর আগে এ নিয়ে আমিও কথা বলেছি। এখন জানুয়ারি চলছে, যা মৌসুমের মূল সময়। ভাবুন তো, আমি আপনাকে এ নিয়ে কিছু বললাম আর সবাই এ নিয়ে মাতামাতি শুরু করল, পিএসজির জন্য কি সেটা ভালো হবে? এখন পিএসজির সঙ্গে আছি এবং শতভাগই আছি।’

তবে লিভারপুলের ভূয়সী প্রশংসাই করলেন এমবাপে, ‘লিভারপুল যা করছে তা অসাধারণ। তারা অনেকটা যন্ত্রের মতো, তারা ছন্দ খুঁজে পেয়েছে আর ভালো খেলেই যাচ্ছে। (লিগে) এখন পর্যন্ত একটা ম্যাচেও হারেনি। তাদের খেলা দেখলে হতে পারে সহজ, কিন্তু ব্যাপারটা আদৌ তেমন নয়। তারা মনোযোগী, প্রতি তিন দিনে একটা খেলা খেলছে এবং  জিতেই চলেছে।’