নতুন জীবনের প্রস্তুতির মধ্যে কানাডায় গেলেন প্রিন্স হ্যারি

আপডেট : ২১ জানুয়ারি ২০২০, ২২:৩৩

ব্রিটিশ রাজপরিবারের সঙ্গে এক প্রকারের বিচ্ছেদ হয়ে গেছে! এখন সাধারণ মানুষের কাতারে মিশে নতুন জীবন শুরুর প্রস্তুতি নিতে শুরু করেছেন প্রিন্স হ্যারি। এই প্রস্তুতির মধ্যে ব্রিটেন ছেড়ে কানাডায় স্ত্রী মেগান মার্কেল ও আট মাসের ছেলে আর্চির কাছে গেলেন তিনি। খবর :বিবিসি ও সিএনএনের।

বিবিসির খবরে বলা হয়েছে, নতুন জীবনের প্রস্তুতির মধ্যে কানাডায় পৌঁছেছেন ডিউক অব সাসেক্স। মঙ্গলবার সকালে তিনি ভ্যাঙ্কুবার পৌঁছান। ছবিতে দেখা গেছে, প্রিন্স হ্যারি ভ্যাঙ্কুবার আন্তর্জাতিক বিমানবন্দরে ওয়েস্টজেট প্লেন থেকে নামছেন। প্রহরীদের কড়া নিরাপত্তায় তিনি সরাসরি অপেক্ষমাণ গাড়িতে গিয়ে বসেন। তার কানাডা যাওয়ার বিষয়ে রাজপরিবারের মুখপাত্র কোনো মন্তব্য করতে রাজি হননি।

ব্রিটেন ছাড়ার মাত্র একদিন আগে লন্ডনে এক অনুষ্ঠানে প্রিন্স হ্যারি বলেন, আমাদের ইচ্ছে ছিল সরকারি অর্থ না নিয়ে রানির প্রতি, কমনওয়েলথের প্রতি এবং আমার সামরিক সংস্থার প্রতি দায়িত্ব পালন চালিয়ে যাওয়া। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সেটা সম্ভব ছিল না।

গত ৮ জানুয়ারি ব্রিটিশ রাজপরিবারের জ্যেষ্ঠ সদস্যের পদ থেকে সরে যাওয়ার ঘোষণা দেন প্রিন্স হ্যারি ও তার স্ত্রী মেগান। রাজপরিবারে আলোচনার পর সিদ্ধান্ত হয়ে গেছে। আগামী বসন্ত থেকে তারা আর রাজপরিবারের কোনো দায়িত্বে থাকবেন না। তারা রাজপরিবারের কোনো ‘উপাধি’ ব্যবহার করতে পারবেন না। হ্যারি দম্পতির সিদ্ধান্ত অনুযায়ী তারা ব্রিটেন এবং কানাডায় ভাগাভাগি করে বসবাস করবেন।  তবে হ্যারির ভাই প্রিন্স     উইলিয়াম ও তার স্ত্রী রাজপরিবারের সদস্য হিসেবে তাদের দায়িত্ব পালন অব্যাহত রেখেছেন। গতকাল সেইন্ট জেমস প্রাসাদে বন্যপ্রাণী সংরক্ষণবিষয়ক একটি অনুষ্ঠানে যোগ দেন প্রিন্স উইলিয়াম।