সিইসিকে ফখরুলের চিঠি

ঢাকার দুই সিটিতে ব্যালটে ভোট চায় বিএনপি

আপডেট : ২১ জানুয়ারি ২০২০, ২২:৩৩

আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার না করে ব্যালট পেপারে ভোটগ্রহণের জন্য প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদাকে চিঠি দিয়েছে বিএনপি। গতকাল মঙ্গলবার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত চিঠিতে ব্যালটে ভোটগ্রহণের এ দাবি জানানো হয়। বেলা ১১টায় নির্বাচন ভবনে সিইসির সভাকক্ষে কমিশনের সঙ্গে সাক্ষাত্ করেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বাধীন বিএনপির চার সদস্যের প্রতিনিধিদল। এ সময় সিইসির কাছে ফখরুলের চিঠি পৌঁছে দেয় প্রতিনিধিদল।

চিঠিতে মির্জা ফখরুল লিখেছেন, গত ১৩ জানুয়ারি চট্টগ্রাম-৮ আসনের উপনির্বাচনে বিস্তারিত তথ্যসহ চিত্র দেশের সকল গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। যা ইভিএম, নির্বাচন কমিশন এবং নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার সম্পর্কে বিএনপিসহ বিভিন্ন গণতান্ত্রিক রাজনৈতিক দলের দীর্ঘদিনের যৌক্তিক দাবিকে আরো পাকাপোক্ত করেছে। চট্টগ্রাম-৮ উপনির্বাচনের অভিজ্ঞতার প্রেক্ষাপটে এই পত্র আবারও আপনাদের কাছে পেশ করছি। ফখরুল বলেন, ইভিএম প্রকল্পের মতো একটি সর্বজন বিতর্কিত উদ্যোগ সংকটকে আরো ঘনীভূত করেছে। ইভিএমের যান্ত্রিক অকার্যকারিতা যেমন প্রমাণিত হয়েছে তেমনি নির্বাচন কমিশনকে সহযোগী অথবা নিষ্ক্রিয় রেখে কাগজের ব্যালট ছিনতাই বা ডাকাতির মতোই ইভিএমের ওপরেও সরকারদলীয় বাহিনীর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার মাধ্যমে                ইভিএমেও ভোটারদের দেদারছে সরকারদলীয় বাহিনীরা দখল করেছে। অতিসম্প্রতি অনুষ্ঠিত চট্টগ্রাম-৮ উপনির্বাচন যার সর্বশেষ প্রমাণ।

চিঠিতে আরো বলা হয়, আগামী ১ ফেব্রুয়ারি ঢাকা সিটি নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচন কমিশনের হাতে এখনো সুযোগ আছে নিরপেক্ষতা প্রমাণের চেষ্টা করা। সেই লক্ষ্যে ইতিমধ্যেই উন্মোচিত ইভিএমের অকার্যকারিতাকে বিবেচনায় নিয়ে ইভিএম ব্যবস্থা বাতিল করে প্রচলিত ব্যালট ব্যবস্থাতেই ভোট গ্রহণের ব্যবস্থা করুন। ভোট প্রক্রিয়ায় সরকারি দলের খবরদারি বন্ধে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করুন। আশা করি নির্বাচন কমিশন তার নিরপেক্ষতা ও স্বাধীনতা প্রমাণে আমাদের দাবি পূরণ করে ১ ফেব্রুয়ারির ঢাকা সিটি করপোরেশন নির্বাচন অবাধ ও স্বচ্ছ করার ব্যবস্থা নিবেন।