ইবি ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে সম্পাদকসহ আহত ২০, আটক ২

আপডেট : ২২ জানুয়ারি ২০২০, ০১:১১

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় সাধারণ সম্পাদকসহ অন্তত ২০ জন আহত হয়েছে। মঙ্গলবার ক্যাম্পাসসংলগ্ন প্রধান ফটকের সামনে বেলা ২টার দিকে ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক গ্রুপের কর্মীদের সঙ্গে পদবঞ্চিত গ্রুপের নেতাকর্মীদের এই সংঘর্ষ হয়। সংঘর্ষে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিবসহ অন্তত ২০ নেতাকর্মী আহত হয়। এসময় রাকিব ও তার এক সহযোগীকে আটক করে কুষ্টিয়া সদর থানা পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, ছাত্রলীগের সভাপতি-সম্পাদকের ক্যাম্পাসে আসার খবরে সকাল থেকে ক্যাম্পাসে অবস্থান নেয় পদবঞ্চিত গ্রুপের নেতাকর্মীরা। সভাপতি রবিউল ইসলাম পলাশ ও সম্পাদক রাকিবুল ইসলাম রাকিবের অনুসারীরা মিছিল নিয়ে মেইন ফটকে এলে পদবঞ্চিত গ্রুপের নেতা মিজানুর রহমান লালন, আল আমিন জোয়াদ্দার, তৌকির মাহফুজ মাসুদের নেতৃত্বে তাদের ওপর হামলা চালায়। এতে সাধারণ সম্পাদক রাকিব, আমিন, শামস, আরিফ, রাফিদ, শাকিল, ফাহিম, রাকিব, আল আমিনসহ অন্তত ২০ নেতাকর্মী আহত হয়। গুরুতর আহত রাকিবসহ               তিন জনকে কুষ্টিয়া মেডিক্যালে ও বাকিদের ইবি মেডিক্যালে প্রাথমিক চিকিত্সা দেওয়া হয়। এদিকে সংঘর্ষের সময় পরপর তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এবিষয়ে প্রক্টর (ভারপ্রাপ্ত) ড. আনিছুর রহমান বলেন, যে কোনো ধরনের অনাকাক্ষিত ঘটনা এড়াতে আমরা কাজ করে যাচ্ছি। আইনশৃঙ্খলা বাহিনী, র?্যাব ও গোয়েন্দা বাহিনী মাঠে রয়েছে। ক্যাম্পাসের পরিবেশ বর্তমানে শান্ত রয়েছে।