আবরার হত্যা মামলার অভিযোগ গঠন ৩০ জানুয়ারি

আপডেট : ২২ জানুয়ারি ২০২০, ০০:৩৬

বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার ২৫ আসামির বিরুদ্ধে দাখিলকৃত অভিযোগপত্র আমলে নিয়েছে আদালত। একইসঙ্গে আগামী ৩০ জানুয়ারি এ মামলার আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের জন্য দিন ধার্য রাখা হয়েছে। গ্রেফতারকৃত ২২ আসামির উপস্থিতিতে গতকাল মঙ্গলবার ঢাকার মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েস অভিযোগপত্র আমলে নেওয়ার এই আদেশ দেন।

গত ১৩ নভেম্বর আবরার হত্যা মামলায় ২৫ জনকে আসামি করে আদালতে চার্জশিট দেয় মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা (ডিবি) পুলিশের পরিদর্শক ওয়াহিদুজ্জামান। বিচারের জন্য প্রস্তুত হওয়ার পর মামলার নথি ঢাকা মহানগর দায়রা জজ আদালতে পাঠানো হয়। গতকাল অভিযোগপত্র আমলে নেওয়ার শুনানির আগে গ্রেফতারকৃত আসামিদের কড়া নিরাপত্তার মধ্য দিয়ে কারাগার থেকে আদালতে হাজির করা হয়।

মহানগর দায়রা জজ আদালতের প্রধান কৌঁসুলি অ্যাডভোকেট আব্দুল্লাহ আবু জানান, এ আদালতে মামলার অভিযোগ গঠনের পর বিচারকাজ দ্রুত করতে ঢাকার কোনো একটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলাটি পাঠানোর সম্ভাবনা রয়েছে।

গত ৬ অক্টোবর বুয়েটের শেরে বাংলা হলের আবাসিক ছাত্র ও তড়িত্ কৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরারকে ছাত্রলীগের নেতাকর্মীরা নির্মমভাবে পিটিয়ে হত্যা করে। পরদিন আবরারের বাবা ১৯ শিক্ষার্থীকে আসামি করে চকবাজার থানায় মামলা করেন। অভিযোগপত্রভুক্ত ২৫ আসামির মধ্যে এখনো তিন জন পলাতক রয়েছে। এরা হলেন আসামি মোর্শেদুজ্জামান জিসান, এহতেশামুল রাব্বি তানিম ও মোস্তফা রাফিদ।