রাজধানীর গাবতলীতে গতকাল মঙ্গলবার ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী তাবিথ আউয়ালের নির্বাচনি প্রচারণায় হামলার অভিযোগ পাওয়া গেছে। এই হামলায় তাবিথ, বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিসহ ১০-১২ জন নেতাকর্মী আহত হন। তাবিথ এই হামলার জন্য আওয়ামী লীগ নেতাকর্মীদের দায়ী করলেও আওয়ামী লীগের মেয়র প্রার্থী আতিকুল ইসলাম বলেছেন, তারা নিজেরাই হয়তো সংঘর্ষ বাধাতে পারে।
জানা যায়, তাবিথ আউয়াল গতকাল বেলা পৌনে ১২টার দিকে গাবতলীর পর্বতা সিনেমা হলের কাছে কলাবাজার এলাকা থেকে নির্বাচনি প্রচার শুরু করেন। এ সময় অতর্কিত একদল লোক ইটপাটকেল, লাঠিসোটা নিয়ে তাবিথ ও তার প্রচার সঙ্গীদের ওপর হামলা চালায় বলে অভিযোগ করা হয়েছে। এ সময় তাবিথও মাথায় আঘাত পান বলে জানা যায়। এ সময় বিএনপি কর্মীরা হামলাকারীদের পালটা ধাওয়া দিলে সংঘর্ষ বাধে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
হামলার পর তাবিথ তাত্ক্ষণিক অভিযোগ করে বলেন, ঢাকা উত্তর ৯ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী মুজিব সারোয়ার মাসুমের নেতৃত্বে আমাদের প্রচারণায় অতর্কিতে হামলা করা হয়। পুলিশের সামনে হামলা হলেও তারা নিশ্চুপ ছিল। শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, আমাদের ওপর দুই দফা হামলা করেছে আওয়ামী লীগের লোকজন। মিরপুর ৯ নম্বর ওয়ার্ডের বিএনপি সমর্থিত কাউন্সিলর প্রার্থী সাইদুল ইসলাম সাইদুল বলেন, আমাদের গণসংযোগে স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ ও স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা অতর্কিত হামলা চালায়। এ সময় তাবিথ আউয়ালকে ঘুসি মেরে রাস্তায় ফেলে দেওয়া হয়। এছাড়া আমাকেও রড দিয়ে মারধর করা হয়।
