রাজধানীতে র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে এক যুবক নিহত হয়েছে। মঙ্গলবার ভোরে খিলক্ষেত থানাধীন বড়ুয়া এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। নিহত যুবকের নাম আনোয়ার হোসেন (৩৪)। র্যাব জানায়, আনোয়ারের নামে ১৮টি মাদক ও একটি ধর্ষণ মামলা আছে।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার সিনিয়র সহকারী পরিচালক মিজানুর রহমান জানান, মাদকবিরোধী অভিযান চালানোর সময় র্যাব-১ এর সদস্যদের সঙ্গে একদল মাদক ব্যবসায়ীর গুলি বিনিময় হয়। এ সময় মাদক ব্যবসায়ী আনোয়ার হোসেন ঘটনাস্থলে নিহত হয়। ঐ ঘটনায় র্যাবের একজন সদস্যও আহত হন। ঘটনাস্থল থেকে চাটি ওয়ান শুটার গান, ৩৪টি কার্তুজ ও বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়েছে। খিলক্ষেত থানার এসআই শামীমুল ইসলাম জানান, মঙ্গলবার দুপুরে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।
