সিংগাইরে ধলেশ্বরী নদী পাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু

আপডেট : ২২ জানুয়ারি ২০২০, ০০:৪৭

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ধল্লা, ফোর্ডনগর ও চর জলিল মৌজার ধলেশ্বরী নদীর পাড় থেকে বেশ কয়েকটি অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হামিদুর রহমান গত সোম ও মঙ্গলবার দুই দিনব্যাপী এ উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন। তিনি জানান, এসব অবৈধ স্থাপনার মধ্যে সাবেক শিক্ষা উপমন্ত্রী গোলাম সারোয়ার মিলনের বিউটি ফুল জ্যাকেটস, বজলুর রহমানের নিলয় গার্মেন্টস, ইশ্রাফিল মিয়ার বাড়ি, নর্দান পাওয়ার জেনারেশন ও একটি বাউন্ডারি রয়েছে। প্রভাবশালীরা দীর্ঘদিন ধরে ধলেশ্বরী নদী বালু দিয়ে ভরাট করে কোটি কোটি টাকার সম্পত্তি প্রাচীর দিয়ে দখল এবং অবৈধ স্থাপনা গড়ে তুলেছেন। তিনি বলেন, এখন নদী দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা ভেঙে দেওয়া হচ্ছে। এরপর খাস জায়গায় অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হবে। তিনি আরো জানান, এর মধ্যে ১০টি অবৈধ স্থাপনাকে আগেই নোটিশ দেওয়া হয়েছিল। তাদের মধ্যে দুটি নিজেরাই তাদের স্থাপনা সরিয়ে নিয়েছে। দুটির আদালতে আপিল মামলা রয়েছে, যার শুনানি হবে আগামী ২৬ জানুয়ারি। বাকি ছয়টি ভেঙে দেওয়া হয়েছে। অভিযান অব্যাহত থাকবে।