আইনমন্ত্রী আনিসুল হক বলেন, কয়েক দশক পরে হলেও চট্টগ্রামের লালদীঘির ময়দানে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার জনসভার আগে গুলি চালিয়ে ২৪ জনকে হত্যা এবং ঢাকার পল্টনে সিপিবির সমাবেশে বোমা হামলার বিচার যে শেষ করা গেছে, সেটাই ‘সন্তুষ্টি’। তিনি বলেন, এই দুটি মামলার বিচারের মাধ্যমে আবারও প্রমাণিত হলো যে, অপরাধীরা কেউই আইনের ঊর্ধ্বে নয়, তাদের যতই ক্ষমতা থাকুক। গতকাল মঙ্গলবার সচিবালয়ে পাবনা আইনজীবী সমিতিতে বই কেনা বাবদ ৩০ লাখ টাকার চেক হস্তান্তর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এসব কথা বলেন। এ সময় আইন ও বিচার বিভাগের সচিব গোলাম সারওয়ার ও যুগ্ম-সচিব বিকাশ কুমার সাহা উপস্থিত ছিলেন।
আইনমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকলে দেশে প্রত্যেকটা অপরাধের, প্রত্যেকটা অন্যায়ের আইনিভাবে বিচার হবে। দীর্ঘদিন দেশে বিচারহীনতার সংস্কৃতি চালু ছিল। কিন্তু বাংলাদেশে বিচারহীনতার সংস্কৃতি এখন গত। সাময়িকভাবে ক্ষমতার দাপট দেখিয়ে হয়তো কেউ কিছু দিনের জন্য আইনের ঊর্ধ্বে আছেন বলে একটা ‘ইলিউশন’ বা ভ্রান্ত ধারণার মধ্যে থাকতে পারেন। কিন্তু অপরাধীদের শেষ পর্যন্ত আইনের আওতায় আসতেই হবে।
খালেদা জিয়ার জামিন প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, খালেদা জিয়াকে সাজা দিয়েছে আদালত এবং তিনি সাজা ভোগ করছেন। তার জামিনের আবেদন সর্বোচ্চ আদালত নাকচ করে দিয়েছে। এখানে সরকারের কিছু করার নেই। সরকার এটা নিয়ে এখন ভাবছে না। তিনি বলেন, এটা রাজনৈতিক মামলা নয়। কারণ মামলাটি দায়ের করা হয়েছিল তত্ত্বাবধায়ক সরকারের আমলে। আওয়ামী লীগ সরকারের আমলে নয়।
