বাংলাদেশ বুরুন্ডি ফুটবল ম্যাচ দেখবেন জুলিও সিজার

আপডেট : ২২ জানুয়ারি ২০২০, ০৭:৪৪

বাংলাদেশে আর্জেন্টিনা ও ব্রাজিলের সমর্থক বেশি। এই দুই দেশের কোনো ফুটবল তারকা বাংলাদেশে আসলে তার প্রতি আগ্রহ থাকে এদেশের ফুটবল দর্শকদের। ব্রাজিল ফুটবল অবসরপ্রাপ্ত গোলকিপার জুলিও সিজার আজ ঢাকায় আসবেন। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে তাকে ঢাকায় আনার উদ্যোগ নিয়েছে বাফুফে। আজ বিকালে ঢাকায় নামবেন, ইন্টার কন্টিনেন্টাল হোটেলে অবস্থান করবেন জুলিও সিজার।

আগামীকাল পুরো দিনব্যাপী ব্যস্ত থাকবেন তিনি। ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে যাবেন। বাফুফে-ফর্টিসের ফুটবল একাডেমিতে যাওয়ার কথা রয়েছে। বাংলাদেশের গোলকিপারদের টিপস দিতে পারেন জুলিও সিজার। দুপুরে বাফুফে ভবনে মেয়েদের ফুটবল অনুশীলন দেখার কথা রয়েছে। সন্ধ্যায় বঙ্গবন্ধু গোল্ডকাপের দ্বিতীয় সেমিফাইনালে বাংলাদেশ ও বুরুন্ডির ফুটবল ম্যাচ উপভোগ করবেন। রাতেই তার ঢাকা ছাড়ার কথা রয়েছে। 

আরও পড়ুন: 

২০১৪ সালে ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ ফুটবল খেলেছিলেন এই গোলকিপার। ২০১৪ ব্রাজিল বিশ্বকাপ ফুটবলের সেমিফাইনালে জার্মানির বিপক্ষে ব্রাজিল ৭-১ গোলে হেরেছিল। সেই করুণ বিদায়ের ম্যাচ খেলেছিলেন জুলিও সিজার। ২০০৪ থেকে ২০১৪, ৮৭টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন তিনি। তিনটি বিশ্বকাপ ফুটবল খেলেছেন। তাকে দেখার আগ্রহ আছে অনেক দর্শকের।

ইত্তেফাক/এসইউ