পরিবেশের কথা বিবেচনা করে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় পলিথিনে মোড়ানো বা লেমিনেটেড পোস্টার ছাপা ও প্রদর্শনের উপর নিষেধাজ্ঞা জারি করেছে হাইকোর্ট। সেই সঙ্গে সারা দেশে লেমিনেটেড পোস্টার উৎপাদন ও বিপণনের উপরও নিষেধাজ্ঞা জারি করা হয়।
সারা দেশে নির্বাচন ও অন্যান্য ক্ষেত্রে লেমিনেটেড পোস্টার ছাপা ও প্রদর্শন কেনো বেআইনি নয় এবং কেনো তা বন্ধের নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়েছে আদালত।
বুধবার সুপ্রিম কোর্টের দুই আইনজীবী মনোজ কুমার ভৌমিক ও সুলায়মান হাওলাদার একটি জাতীয় দৈনিকে সদ্য প্রকাশিত ‘লেমিনেটেড পোস্টার ইন সিটি পোলস: এ বিগ থ্রেট টু এনভায়রনমেন্ট’ শিরোনামের প্রতিবেদনটি আদালতের নজরে এনে প্রয়োজনীয় নির্দেশনা চান। এ সময় বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মোস্তাফিজুর রহমানের বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে রুলসহ এই নির্দেশ দেয়।
এ সময় নির্বাচন কমিশন, নির্বাচন কমিশনের সচিব, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব, শিল্প সচিব, স্বাস্থ্য সচিব, দুই সিটি করপোরেশনের নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট বিবাদীদের চার সপ্তাহের মধ্যে এই রুলের জবাব দিতে বলা হয়েছে।
ইত্তেফাক/জেডএইচডি

