প্রিয় এসএসসি পরীক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা রইলো।
তোমরা জানো, পরীক্ষায় সফলতার জন্য একাডেমিক বিষয়ে দক্ষতা প্রমাণের পাশাপাশি কৌশলগত দক্ষতার গুরুত্ব অপরিসীম। পরীক্ষার পূর্ব-রাতে অধিক জেগে না থাকা, পরীক্ষার হলে সময়মতো পৌঁছানো, পরীক্ষায় ব্যবহূত বৈধ সরঞ্জাম যেমন পেন্সিলবক্স, ক্যালকুলেটর, প্রবেশপত্র ইত্যাদি গুছিয়ে পরীক্ষার হলে যাওয়া; প্রতিটি প্রশ্নের মানবণ্টনের সাথে সময়ের সঠিক বিভাজন ইত্যাদি। ভালোভাবে প্রস্তুতি সম্পন্ন করেও কৌশলগত এই সকল বিষয়ের সফল প্রয়োগ না করার কারণে অনেকে কাঙ্ক্ষিত ফলাফল অর্জনে ব্যর্থ হয়। বর্তমান সৃজনশীল পদ্ধতিতে বিষয়গুলোর গুরুত্ব আরো বেশি। MCQ অংশে সঠিক উত্তর বাছাইয়ের ক্ষেত্রে কৌশলী হতে হবে। বিবেচনাবোধ, প্রতুত্পন্নমতি ও সময়জ্ঞান এই অংশে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। মূল বইয়ের প্রতিটি অধ্যায় এবং সন্নিবেশিত গুরুত্বপূর্ণ নাম, স্থান, সাল ইত্যাদি এখনই শেষবারের মতো রিভিশন দিয়ে ফেলো। সৃজনশীল অংশে শিক্ষকদের দেয়া পরামর্শ মতো লিখার চেষ্টা করবে। এখানে প্রতিটি অংশের উত্তরের জন্য To The Point অর্থাত্ প্রশ্নের চাহিদামতো উত্তর লিখবে। অহেতুক বাহুল্য কথা লিখে সময় নষ্ট না করে সঠিক উত্তর নির্দিষ্ট সময়ের মধ্যে লিখে শেষ করাই একজন সফল পরীক্ষার্থীর কাজ। হাতের লেখা ভালো ফলাফলের একটি গুরুত্বপূর্ণ নিয়ামক। স্পষ্ট, বোধগম্য ও এক লাইন থেকে আরেক লাইনের যুক্তিযুক্ত দূরত্বকেই ভালো হাতের লিখা বলে। তোমরা এ বিষয়গুলো বিবেচনায় রাখবে। তোমাদের জন্য শুভ কামনা রইল।
