বাংলাদেশে তৈরি প্রযুক্তি পণ্যে আগ্রহ কম্বোডিয়ার

আপডেট : ২২ জানুয়ারি ২০২০, ২০:৫১

বাংলাদেশে তৈরি উচ্চমানের ওয়ালটন পণ্য নিতে আগ্রহী দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ কম্বোডিয়া। এজন্য ওয়ালটনের সঙ্গে কম্বোডিয়ান সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল বৈঠক করেছে।

মঙ্গলবার রাজধানীর র্যাডিসন হোটেলে কম্বোডিয়ার ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের প্রতিনিধিদলের সঙ্গে ওয়ালটনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের ঐ বৈঠক হয়। কম্বোডিয়ার ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী কান চ্যানমেতার নেতৃত্বে প্রতিনিধিদলে ছিলেন দেশটির ন্যাশনাল ইনস্টিটিউট অব ্পোস্ট, টেলিকমিউনিকেশনস অ্যান্ড আইসিটি ভাইস প্রেসিডেন্ট হেন স্যামবওয়েন, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের মহাপরিচালক ভ্যাট চুন এবং টেলিযোগাযোগ বিভাগের মহাপরিচালক তোল ন্যাক। বাংলাদেশের আইসিটি মন্ত্রণালয়ের উদ্যোগে অনুষ্ঠিত ঐ বৈঠকে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উপসচিব মো. মনির হোসেন।

ওয়ালটনের পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির আন্তর্জাতিক ব্যবসা ইউনিট (আইবিইউ) প্রেসিডেন্ট এডওয়ার্ড কিম, কম্পিউটার বিভাগের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) লিয়াকত আলী, সিনিয়র অ্যাডিশনাল ডিরেক্টর আব্দুর রউফ এবং ডেপুটি ডিরেক্টর অগাস্টিন সুজন।

বৈঠকে লিয়াকত আলী বলেন, এরই মধ্যে ওয়ালটন বাংলাদেশের বাজারে শীর্ষে রয়েছে। ইউরোপ-আমেরিকাসহ বর্তমানে বিশ্বের ৩৫টিরও বেশি দেশে ওয়ালটন পণ্য রপ্তানি হচ্ছে। এখন বহির্বিশ্বে ওয়ালটন ব্র্যান্ডের বিজনেস ভলিউম বাড়াতে জোরোশোরে কাজ চলছে। এক্ষেত্রে ওয়ালটনের বিটুবি (বিজনেস টু বিজনেস) পার্টনার হতে পারে কম্বোডিয়া।

বিটুবি পদ্ধতিতে ওয়ালটনের সঙ্গে কাজ করতে আগ্রহী জানিয়ে কান চ্যানমেতা কম্বোডিয়ার স্পেশাল ইকোনমিক জোনে ওয়ালটনকে কারখানা স্থাপনের আমন্ত্রণ জানান। এক্ষেত্রে কম্বোডিয়ার সরকার ওয়ালটনকে সব ধরনের সহযোগিতা করবে বলে উল্লেখ করেন।