টি-টোয়েন্টি সিরিজ বলেই নিয়ম অনুসারে কোনো নিরপেক্ষ আম্পায়ার রাখার বাধ্যবাধকতা নেই। সেই রীতি মেনে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার আসন্ন টি-টোয়েন্টি সিরিজে কোনো বিদেশি আম্পায়ার নেই। তবে ম্যাচ রেফারি হয়ে আসছেন আইসিসির এলিট প্যানেলের অন্যতম সম্মানিত সদস্য রঞ্জন মাদুগালে।
টি-টোয়েন্টি সিরিজে অন-ফিল্ড, তৃতীয় ও রিজার্ভ আম্পায়ার হিসেবে থাকবেন স্থানীয়রাই। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) অন-ফিল্ড আম্পায়ার হিসেবে নিয়োগ দিয়েছে আহসান রাজা ও শোজেব রাজাকে। আর আহমেদ শাহাব তৃতীয় ও তারিক রশিদ রিজার্ভ আম্পায়ার হিসেবে দায়িত্বে থাকবেন। শ্রীলঙ্কার সাবেক ক্রিকেটার মাদুগালে ১০৩টি টি-টোয়েন্টি ম্যাচে দায়িত্ব পালন করেছেন। ৬০ বছর বয়সি এই ম্যাচ রেফারি সর্বশেষ পাকিস্তানে যান ২০০৬ সালে। সেবার তিনি ভারত ও পাকিস্তানের মধ্যকার তিন ম্যাচের টেস্ট সিরিজে দায়িত্ব পালন করেন। পাকিস্তানে তিনি ১৫টি টেস্ট ও ২০টি টি-টোয়েন্টিতে দায়িত্ব পালন করেন। এর মধ্যে ছয়টি ম্যাচ ছিল ১৯৯৬ সালের ওয়ানডে বিশ্বকাপের।
এর অর্থ হলো এবারই প্রথম পাকিস্তানে কোনো টি-টোয়েন্টি ম্যাচে দায়িত্বে থাকবেন। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আগামীকাল, ২৪ জানুয়ারি অনুষ্ঠিত হবে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার প্রথম টি-টোয়েন্টি। এরপর দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টি হবে ২৫ ও ২৭ জানুয়ারি।
২০০৯ সালে লাহোরে পাকিস্তান ক্রিকেট দলের ওপর সন্ত্রাসী হামলার পর থেকে এই নিয়ে পঞ্চমবারের মতো কোনো বিদেশি ম্যাচ রেফারি দায়িত্ব পালন করতে আসছেন। এর আগে এসেছেন ডেভিড বুন, জেফ ক্রো, অ্যান্ডি পাইক্রফট ও রিচি রিচার্ডসন।
