বঙ্গবন্ধু জাতীয় স্কুল হকির লোগো ও জার্সি উন্মোচন

আপডেট : ২২ জানুয়ারি ২০২০, ২১:০৩

দেশের নয় অঞ্চলে ৮০টি স্কুল নিয়ে আগামী ২৫ জানুয়ারি চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়াম থেকে শুরু হবে বঙ্গবন্ধু জাতীয় স্কুল হকি। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের পৃষ্ঠপোষকতায় এই আয়োজন সামনে রেখে গতকাল বিমানবাহিনীর ফ্যালকন হলে টুর্নামেন্টের লোগো ও জার্সি উন্মোচন করা হয়। অনুষ্ঠানে ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি বলেন, ‘স্কুল হকির মাধ্যমে আরো বেশি বেশি খেলোয়ার তৃণমূল থেকে উঠে আসবে। তারা যেন হারিয়ে না যায়, সে ব্যাপারে ফেডারেশনকে গুরুত্ব দিতে হবে।’

অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন হকি ফেডারেশনের সভাপতি এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত, পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মোহাম্মদ আলী, ফেডারেশনের সহ সভাপতি ও স্কুল হকি কমিটির চেয়ারম্যান ড. মাহফুজুর রহমানসহ অন্য কর্মকর্তারা।