৯৯৯ এ কল, নির্যাতন থেকে রক্ষা পেল গৃহবধূ

আপডেট : ২২ জানুয়ারি ২০২০, ২২:০৪

নবীনগরে কুপ্রস্তাবে রাজি না হওয়ায় চুরির অপবাদে এক গৃহবধূকে আটকে রেখে শ্লীলতাহানিসহ দিনভর অমানবিক শারীরিক নির্যাতন চালানো হয়। পরে ৯৯৯ এর কলে খবর পেয়ে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে ঐ গৃহবধূকে উদ্ধার করে। তাকে নবীনগর সদর সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নির্যাতিতা গৃহবধূ উপজেলার শ্যামগ্রাম ইউনিয়নের নোয়াগ্রাম গ্রামের বাসিন্দা। এ ঘটনায় তার স্বামী বাদী হয়ে চার জনকে আসামি করে নবীনগর থানায় মামলা দায়ের করেন। আসামিরা হলেন—একই গ্রামের শরীফুর ইসলাম (শরীফ ডাক্তার), সাহেদ সরকার, জনি সরকার ও শরীফুল ইসলামের স্ত্রী সীমা আক্তার। বুধবার হাসপাতালে শয্যাশায়ী ঐ গৃহবধূ সাংবাদিকদের কাছে তার ওপর চালানো অমানবিক নির্যাতনের চিত্র তুলে ধরেন।

সূত্র জানায়, একই গ্রামে পার্শ্ববর্তী বাড়ি হওয়ায় সাহেদ সরকার প্রায়ই কুপ্রস্তাব দিয়ে গৃহবধূকে উত্ত্যক্ত করত। তার পরিবারের কাছে এর বিচার চেয়ে কোনো প্রতিকার পায়নি। এ নিয়ে দুই পরিবারের মাঝে বিরোধ চলছিল। এরই জেরে গত শনিবার কৌশলে সাহেদ বাড়িতে ডেকে নিয়ে দ্বিতীয় তলায় আটকে রেখে টাকা চুরির অপবাদ দিয়ে গৃহবধূকে শ্লীলতাহানি করে শারীরিক নির্যাতন করে। খবর পেয়ে স্বামী ৯৯৯ এ ফোন দিয়ে স্ত্রীকে উদ্ধারের আবেদন জানায়।

এ ব্যাপারে নবীনগর থানার অফিসার ইনচার্জ রনোজিত রায় বলেন, মামলা হয়েছে, তদন্ত চলছে।