মাঠপর্যায়ে বিভাগীয় কমিশনারের কার্যালয়, জেলা প্রশাসকের কার্যালয়, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ও সহাকারী কমিশনার (ভূমি) এর কার্যালয়ে কর্মরত কর্মচারীদের (গ্রেড ১৩-১৬) পদবি পরিবর্তন ও বেতন গ্রেড উন্নীতকরণের দাবিতে পিরোজপুরে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছে বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি পিরোজপুর জেলা শাখা। বুধবার বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতির জেলা শাখার আয়োজনে সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ কর্মবিরতি পালন করা হয়।
পিরোজপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে কর্মবিরতিতে বাংলাদেশ কালেক্টরেট কল্যাণ সমিতি পিরোজপুর জেলা শাখার সভাপতি ও জেলা প্রশাসক কার্যালয়ের ট্রেজারি হিসাবরক্ষক কাজী নজরুল ইসলাম, জেলা প্রশাসক কার্যালয়ের জেলা নাজির হুমায়ুন কবির, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্বের সিএ মো. রাকিব হোসেন, বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি পিরোজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক ও জেএম শাখার অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর মুদ্রাক্ষরিক সোহেল রানাসহ অন্যান্য নেতৃবৃন্দ এবং সংশ্লিষ্ট দপ্তরের সরকারি কর্মচারীরা উপস্থিত ছিলেন।
