সংবাদ সংক্ষেপ

আপডেট : ২২ জানুয়ারি ২০২০, ২২:০৫

প্রকৃতি বাঁচাও আন্দোলনের মাসব্যাপী প্রচার-প্রচারণা কার্যক্রম

নেত্রকোনা প্রতিনিধি তৃণমূল পর্যায়ে ব্যাপক জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ‘প্রকৃতি বাঁচাও আন্দোলন’ নেত্রকোনায় মাসব্যাপী প্রচার-প্রচারণা কার্যক্রম শুরু করেছে। বুধবার নেত্রকোনা শহরের মোক্তারপাড়ায় প্রকৃতি বাঁচাও আন্দোলনের মাসব্যাপী প্রচার-প্রচারণা কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রেসক্লাবের সহসভাপতি, বীর মুক্তিযোদ্ধা খন্দকার আনিছুর রহমান। প্রকৃতি বাঁচাও আন্দোলনের সভাপতি কবি তানভীর জাহান চৌধুরী এ সময় সভাপতিত্ব করেন।

স্বাভাবিক প্রসব সেবা নিশ্চিতে অবহিতকরণ কর্মশালা

পলাশ (নরসিংদী) সংবাদদাতা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকেন্দ্রে ২৪ ঘণ্টা স্বাভাবিক প্রসব সেবা নিশ্চিতকরণের লক্ষ্যে উপজেলা পর্যায়ে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়। বুধবার দিনব্যাপী পলাশ উপজেলা মাল্টিপারপাস অডিটরিয়ামে এই কর্মশালার আয়োজন করে পরিবার পরিকল্পনার এমসিএইচ সার্ভিসেস ইউনিট। পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য ডাঃ আনোয়ারুল আশরাফ খান দিলীপ।

নিরাপদ, সুশৃঙ্খল ও নিয়মিত অভিবাসন নিশ্চিতে সেমিনার

স্বরূপকাঠি (পিরোজপুর) সংবাদদাতা স্বরূপকাঠিতে নিরাপদ, সুশৃঙ্খল ও নিয়মিত অভিবাসন নিশ্চিত করার লক্ষ্যে ‘বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা’ শীর্ষক প্রচার, প্রেস ব্রিফিং ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা প্রশাসনের আয়োজনে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সহযোগিতায় সেমিনারে প্রধান অতিথি ছিলেন পিরোজপুরের জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) নাহিদ ফারজানা সিদ্দিকী। উপজেলা নির্বাহী কর্মকর্তা সরকার আবদুল্লাহ আল মামুন বাবু সভাপতিত্ব করেন।