গণজোয়ারে ভয় পেয়েছেন আতিকুল :তাবিথ শহরটাকে ধ্বংস করে ফেলা হয়েছে :ইশরাক

আপডেট : ২২ জানুয়ারি ২০২০, ২২:৪৪

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বিএনপির মেয়র প্রার্থী ইশরাক হোসেন গতকাল বুধবার পুরান ঢাকার কামরাঙ্গীরচরের ঝাউচরের লোহার ব্রিজ থেকে শুরু করে হাজারীবাগ বেড়িবাঁধ দিয়ে ৫৫, ৫৬, ৫৭ নম্বর ওয়ার্ড ইসলামবাগ হয়ে চকবাজার। ২৯, ৩০, ২৭ ও ৩১ নম্বর ওয়ার্ড নয়াবাজারে নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ করেন। অপরদিকে ঢাকা উত্তর সিটি মেয়র প্রার্থী তাবিথ আউয়াল আশকোনা হাজি ক্যাম্প এলাকা থেকে গাওয়াইর কাজীবাড়ী হয়ে দক্ষিণ খান বাজারে পথসভা ও গণসংযোগ করেন।

সকালে রাজধানীর আশকোনা হাজি ক্যাম্প এলাকায় গণসংযোগকালে তাবিথ আউয়াল বলেন, ‘ধানের শীষের পক্ষে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে তা দেখে আমার প্রতিপক্ষ আতিকুল ইসলাম ভয় পেয়েছেন। তিনি মানসিক অশান্তিতে আছেন। এ কারণেই উনি আমার ওপর হামলার ঘটনাকেও অসত্য  বলছেন। মঙ্গলবার রাজধানীর গাবতলীতে নির্বাচনী প্রচারের সময় আমাদের ওপর হামলা হয়। এ ঘটনায় কর্মী-সমর্থক মিলিয়ে ৮০ জন আহত হন। আমরা ইসিতে সুস্পষ্ট অভিযোগ দিয়েছি।

দুপুরে পশ্চিম হাজারীবাগের ঝাউচর বাজার থেকে ১৩তম দিনের প্রচারণা শুরুর আগে দেওয়া সংক্ষিপ্ত বক্তব্যে ইশরাক হোসেন বলেন, ঢাকা শহর হবে  শান্তির জনপদ। এখানে কোনো সন্ত্রাসীর স্থান হবে না। এ শহরটাকে ধ্বংস করে ফেলা হয়েছে। এই ধ্বংসাত্মক অবস্থা থেকে উত্তরণের জন্য আমাদের একটা পরিবর্তন দরকার। আগামী ১ ফেব্রুয়ারি নগরবাসীর জন্য একটা সুবর্ণ সুযোগ আসছে। ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের অঙ্গীকার ছিল জনগণ হবে ক্ষমতার মালিক, জনগণ হবে রাষ্ট্রের মালিক।