বৈশ্বিক গণতন্ত্র সূচকে বাংলাদেশের আট ধাপ অগ্রগতি হয়েছে। বুধবার ব্রিটিশ সাময়িকী দ্য ইকোনমিস্ট ম্যাগাজিনের অঙ্গ প্রতিষ্ঠান দ্য ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট (ইআইইউ) এ সূচক প্রকাশ করেছে। সূচক ২০১৯-এ বিশ্বের ১৬৫টি দেশ ও দুটি ভূখণ্ডের মধ্যে বাংলাদেশের অবস্থান ৮০তম। গত বছর বাংলাদেশ ছিল ৮৮তম। সূচকের ওপর এবং নিচের দিকে খুব একটা পরিবর্তন না হলেও বাংলাদেশসহ বেশ কয়েকটি দেশের অবস্থানের উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।
ইআইইউ ২০০৬ সাল থেকে এই সূচক প্রকাশ করে আসছে। পাঁচটি মানদণ্ডে একটি দেশের পরিস্থিতি বিবেচনা করে ১০ পয়েন্টভিত্তিক এই সূচক তৈরি করে ইআইইউ। এগুলো হলো—নির্বাচন ব্যবস্থা ও বহুদলীয় পরিস্থিতি, সরকারে সক্রিয়তা, রাজনৈতিক অংশগ্রহণ, রাজনৈতিক সংস্কৃতি এবং নাগরিক অধিকার। প্রতি সূচকের পূর্ণমান ধরা হয়-২।
সব সূচক মিলিয়ে ১০ এর মধ্যে কোনো দেশের গড় স্কোর ৮-এর বেশি হলে সেই দেশে ‘পূর্ণ গণতন্ত্র’ রয়েছে বলে বিবেচনা করা হয়। স্কোর ৬ থেকে ৮ এর মধ্যে হলে সেটাকে ‘ত্রুটিপূর্ণ গণতন্ত্র’ হিসেবে চিহ্নিত করা হয়, আর স্কোর ৪ থেকে ৬-এর মধ্যে হলে ‘ হাইব্রিড রেজিম’ ক্যাটাগরি বলে বিবেচনা করা হয়। স্কোর ৪-এর নিচে হলে সে দেশে ‘স্বৈরশাসন’ চলছে বলে ধরা হয়।
এবারের সূচকে আট ধাপ অগ্রগতি হলেও গতবারের মতো বাংলাদেশের অবস্থান ‘হাইব্রিড রেজিম’ ক্যাটাগরিতে। ১০ পয়েন্টের মধ্যে বাংলাদেশ স্কোর করেছে ৫ দশমিক ৮৮। ২০১৯ সালে এই স্কোর ছিল ৫ দশমিক ৫৭। তার আগের বছর ছিল ৫ দশমিক ৪৩। এই ক্যাটাগরিতে সেই দেশগুলো থাকে—যেখানে নিয়মিত নির্বাচন হলেও তা অবাধ ও নিরপেক্ষ হয় না, বিরোধী দল এবং বিরোধী প্রার্থীদের ওপর দমন পীড়ন, দুর্নীতি এবং দুর্বল আইনের শাসনের ভিত্তিতে দেশ পরিচালিত হয়। পাশাপাশি দুর্বল নাগরিক সমাজ, পক্ষপাতমূলক বিচারব্যবস্থা ও সংবাদ মাধ্যমের স্বাধীনতা সীমিত থাকে।
এবারে সূচকে ১০ ধাপ পিছিয়ে ভারতের অবস্থান ৫১তম (৬ দশমিক ৯০ স্কোর)। সূচকে ৯ দশমিক ৮৭ স্কোর নিয়ে শীর্ষে রয়েছে নরওয়ে, এরপর যথাক্রমে শীর্ষ পাঁচে রয়েছে আইসল্যান্ড, সুইডেন, নিউজিল্যান্ড ও ফিনল্যান্ড। অন্যদিকে সূচকে সবার নিচে রয়েছে উত্তর কোরিয়া। সাব সাহারান আফ্রিকার ৪৪টি দেশের অর্ধেকই এই সূচকে কর্তৃত্বপরায়ণ শাসক শ্রেণিতে পড়েছে। ২০১৯ সালে বৈশ্বিকভাবে গণতন্ত্র সূচকের স্কোরও কমেছে। ২০১৮ সালে এই স্কোর ছিল ৫ দশমিক ৪৮, ২০১৯ সালে তা কমে ৫ দশমিক ৪৪ এ দাঁড়িয়েছে। ইআইইউ বলছে, ২০০৬ সালে সূচক প্রকাশের পর থেকে এটাই সবচেয়ে খারাপ স্কোর।
