ইউজিসির নির্দেশনা উপেক্ষা

সান্ধ্য কোর্স চালু রাবির ইংরেজি বিভাগে

আপডেট : ২২ জানুয়ারি ২০২০, ২২:৪৬

এবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইংরেজি বিভাগ নতুন করে সান্ধ্য কোর্স চালু করতে যাচ্ছে। গত ১৫ জানুয়ারি সন্ধ্যাকালীন এমএ এবং সার্টিফিকেট কোর্সে ভর্তির বিজ্ঞপ্তি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। এক্ষেত্রে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) নির্দেশনা উপেক্ষার অভিযোগ উঠেছে। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে কলা অনুষদের অধিকর্তা, ইংরেজি বিভাগের সভাপতি, বিভাগটির সন্ধ্যাকালীন এমএ ইন ইংলিশ কমিটি ও সন্ধ্যাকালীন এমএ ইন ইএলটি (ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং) কমিটির প্রধান সমন্বয়ক স্বাক্ষরিত সান্ধ্য মাস্টার্স কোর্স ও সার্টিফিকেট কোর্সের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। প্রকাশিত এই বিজ্ঞপ্তিতে এক বছর ও দুই বছর মেয়াদি সান্ধ্য মাস্টার্স কোর্স ও সার্টিফিকেট কোর্সে ভর্তিচ্ছুদের আবেদন যোগ্যতা, ভর্তি পরীক্ষার তারিখ, পাশ নম্বর ইত্যাদি উল্লেখ করা হয়।

জানতে চাইলে বিভাগের সভাপতি অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন বলেন,‘বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ অনুযায়ী সান্ধ্য কোর্স চালুর সিদ্ধান্ত একাডেমিক কাউন্সিল থেকে পাশ করা হয়েছে। গতবছর বিজ্ঞপ্তি প্রকাশ করা হতো, কিন্তু শিক্ষকরা প্রস্তুত না থাকায় চালু করতে বিলম্ব হয়েছে। তবে বিশ্ববিদ্যালয়ে সান্ধ্য কোর্স বন্ধের সিদ্ধান্ত হলে আমাদের বিভাগেও বন্ধ করে দেওয়া হবে।’

এদিকে প্রায় এক মাস পেরিয়ে গেলেও সান্ধ্য কোর্স রাখা না রাখার বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারেনি গঠিত অনুসন্ধান কমিটি। এ ব্যাপারে কমিটির প্রধান ও বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা বলেন, ‘প্রায় মাসখানেক আগে কমিটি হয়েছে ঠিকই তবে আমি এ সংক্রান্ত             চিঠি পেয়েছি আজ (২২ জানুয়ারি) সকালেই। তাই আমাদের কাজ শুরু হতে বিলম্ব হয়েছে। আশা করছি আজই কাজ শুরু করতে পারব।’ ইংরেজি বিভাগে সান্ধ্য কোর্স চালুর বিষয়ে তিনি বলেন, ‘যেহেতু এখনো সান্ধ্য কোর্স বন্ধের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি, তাই আমরা কাউকে সরাসরি বলতে পারি না যে সান্ধ্য কোর্স চালু করা যাবে না। তবে সান্ধ্য কোর্স বন্ধের সিদ্ধান্ত হওয়ার পর আর নতুন করে কোনো বিভাগে তা চালুর সুযোগ নেই।’