কেশবপুরের লাখো মানুষকে কাঁদিয়ে চিরবিদায় নিলেন যশোর-৬ আসনের সংসদ সদস্য সাবেক জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক। গতকাল বুধবার তার নির্বাচনি এলাকা কেশবপুর শহরের পাবলিক মাঠে জানাজা শেষে বগুড়ায় বাবার বাড়ির পারিবারিক কবরস্থানে দাফন করার জন্য নিয়ে যাওয়া হয়।
গতকাল বেলা ১১টার দিকে ঢাকা থেকে একটি বিশেষ হেলিকপ্টারে ইসমাত আরা সাদেকের মরদেহ কেশবপুর সরকারি ডিগ্রি কলেজের মাঠে আনা হয়। সেখান থেকে কেশবপুর পাবলিক মাঠে নেওয়া হয়। জানাজার আগে তার কফিনে শেষ শ্রদ্ধা জানান আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য পীযূষ কান্তি ভট্টাচার্য ও সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক এমপি। শেষ শ্রদ্ধায় অংশগ্রহণ করেন দলটির স্থানীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন অঙ্গসংগঠন ও প্রশাসনের কর্তাব্যক্তিরা। জানাজার আগে ইসমাত আরা সাদেকের জীবনের ওপর সংক্ষিপ্ত বক্তব্য দেন তার ছেলে তানভীর সাদেক, মেয়ে নওরীণ সাদেক ও উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম। জানাজা শেষে তার মরদেহ ঐ হেলিকপ্টরে করে বগুড়ার বাবার বাড়িতে নিয়ে যাওয়া হয়।
