প্রচারণায় হামলার অভিযোগ

বিএনপির ২ কাউন্সিলর প্রার্থীসহ আহত ২১

আপডেট : ২৩ জানুয়ারি ২০২০, ০১:০০

ঢাকা উত্তর সিটি করপোরেশনে গতকাল গণসংযোগকালে বিএনপি সমর্থিত দুই কাউন্সিলর প্রার্থীর ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। এতে দুই কাউন্সিলর প্রার্থীসহ অন্তত ২১ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। স্থানীয়রা জানান, ডিএনসিসির ৫০ নম্বর ওয়ার্ডে হামলার ঘটনায় কাউন্সিলর প্রার্থী দেওয়ান মো. নাজিমুদ্দিনসহ প্রায় ১০ জন আহত হন। বিকালে গণসংযোগ শেষ করে নিজ নির্বাচনী অফিসে ফেরার পথে দুর্বৃত্তরা এ হামলা চালায়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে ভর্তি করেন। সন্ধ্যায় আহত কর্মীদের দেখতে হাসপাতালে যান বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আউওয়াল।

এদিকে রাজধানীর শাহাজাদপুর বাসস্ট্যান্ড এলাকায় গতকাল বিকাল সাড়ে ৪টার দিকে ডিএনসিসির ১৮ নম্বর ওয়ার্ডে গণসংযোগ করার সময় বিএনপি সমর্থিত কাউন্সিলর প্রার্থী শরিফউদ্দিন জুয়েল ও তার সমর্থকদের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। এতে জুয়েলসহ ১১ নেতাকর্মী আহত হন। শরিফউদ্দিন জুয়েল অভিযোগ করে বলেন, হামলার সময় পুলিশ উপস্থিত ছিল কিন্তু তারা কোনো পদক্ষেপ নেয়নি। পুলিশ প্রহরায়ই সরকারি দলের লোকজন এ হামলা চালায় বলে অভিযোগ করেন বিএনপির এ কাউন্সিলর প্রার্থী।

তিনি অভিযোগ করেন, গণসংযোগে হামলার পর দুর্বৃত্তরা বিএনপি নেতাকর্মীদের বাসা-বাড়িতেও হামলা চালায়।