সংস্কৃতি প্রতিমন্ত্রীকে খেলনা পিস্তল দেখিয়ে যুবক কারাগারে

আপডেট : ২৩ জানুয়ারি ২০২০, ০১:০১

সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদকে খেলনা পিস্তল দে?খিয়ে ভীতিকর পরিবেশ সৃষ্টির ঘটনায় এক যুবককে আটক করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে রাজধানীর উত্তরায় প্রতিমন্ত্রীর বাসার সামনেই এ ঘটনা ঘটে। পরে গতকাল বুধবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। 

সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ সাংবাদিকদের জানান, পরিচিত এক ব্যক্তির সঙ্গে কথা বলতে রাত ১০টা ৪০ মিনিটের দিকে তিনি বাসার সামনে যান। এ সময় ঐ যুবককে পিস্তলসদৃশ কিছু নিয়ে তার দিকে এগোতে দেখেন। সন্দেহ হলে তিনি যুবককে জাপটে ধরে ফেলেন এবং পুলিশের হাতে তুলে দেন।

বিমানবন্দর থানার পরিদর্শক (তদন্ত) কায়কোবাদ কাজী বলেন, ঐ যুবককে মঙ্গলবার বিমানবন্দর কেন্দ্রিক ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। আদালত তাকে এক মাসের কারাদণ্ড দিয়েছেন। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।

পুলিশ জানায়, দণ্ডিত যুবকের হাতে থাকা অস্ত্রসদৃশ বস্তুটি আসলে ভাঙা খেলনা পিস্তল। তার ব্যাগে অন্তত ২০ জোড়া ছেঁড়া জুতা ও জামা পাওয়া গেছে। তিনি মানসিক বিকারগ্রস্ত হয়ে থাকতে পারেন বলে পুলিশের ধারণা।