মির্জাপুরে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে ময়লা আবর্জনার স্তূপ

আপডেট : ২৩ জানুয়ারি ২০২০, ১৬:৩০

টাঙ্গাইলের মির্জাপুরে উপজেলা সদরের শেখ রাসেল মিনি স্টেডিয়ামের ভেতরে এবং এর চারপাশের বিভিন্ন স্থানে ময়লা-আবর্জনার স্তূপে পরিণত হয়েছে। এসব ময়লা আবর্জনার পচা দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে উঠেছে স্টেডিয়ামের নিয়মিত খেলোয়াড়সহ আশপাশের এলাকাবাসী।

বৃহস্পতিবার সরেজমিনে দেখা গেছে, শেখ রাসেল মিনি স্টেডিয়ামের চার পাশে ময়লা-আবর্জনার ভাগাড়। এসব ময়লার স্তূপ পচে গিয়ে চারপাশে ছড়াচ্ছে দুর্গন্ধ। ময়লার দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে উঠেছে বলে অভিযোগ করেছেন খেলোয়াড় ও এলাকাবাসী। এ যেন রাজধানীর সন্নিকটে বাতির নিচে অন্ধকার। 

তবে পৌরসভার মেয়র মো. সাহাদত হোসেন সুমন এবং উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান মনির বলেছেন, সরকারী ভাবে অর্থ বরাদ্দ পেলে শেখ রাসেল মিনি স্টেডিয়াম ও এর আশপাশ পরিষ্কার পরিচ্ছন্নসহ নতুন আঙ্গিকে পুরো এলাকা সাজিয়ে তোলা হবে।

অনুসন্ধানে জানা গেছে, এখানে এলাকাবাসীর প্রয়োজনীয় সব কিছু থাকলেও খেলাধুলার জন্য ভাল কোন প্রতিষ্ঠান বা স্টেডিয়াম আজও গড়ে উঠেছে। ১৯৭৯ সালে উপজেলা সদরের সাবেক টাঙ্গাইল জেলা প্রশাসক একটি ক্রীড়াসংস্থা ভবন নির্মাণ করেন। তারপরও এর কোন উন্নয়ন হয়নি। দীর্ঘ দিন পর মির্জাপুর উপজেলা সদরের কলেজ রোড ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উত্তর পাশে মনোরম পরিবেশে শেখ রাসেল মিনি স্টেডিয়াম তৈরি করা হয়েছে। ক্রীড়াঙ্গনকে জাগিয়ে তুলতে এবং এলাকার যুব সমাজকে খেলাধুলার প্রতি ফিরিয়ে আনার লক্ষে ২০১৮ সালে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সহযোগিতায় প্রায় ২০ লাখ টাকা ব্যয়ে শেখ রাসেল মিনি স্টেডিয়ামের মাটি ভরাট করে উঁচু করা হয়েছে। 
বিপুল অংকের টাকা ব্যয়ে শেখ রাসেল মিনি স্টেডিয়াম খেলার উপযোগী পরিবেশ তৈরি করা হলেও এর চারপাশে ময়লা আবর্জনার পচা দুর্গন্ধে এলাকার পরিবেশ বিষিয়ে উঠেছে। 

স্টেডিয়ামের আশপাশের বাসা বাড়ির ময়লা-আবর্জনা এবং শহরের দোকান পাটের ময়লা-আবর্জনা স্টেডিয়ামের ভেতরে ফেলে রাখা হয় বলে অভিযোগ করেছেন রকি, কামরুল, স্বপন মিয়াসহ স্থানীয় অনেকেই । তাদের অভিযোগ, চার পাশের ময়লা-আবর্জনার পচা দুর্গন্ধে স্টেডিয়ামে সুষ্ঠু পরিবেশে খেলাধুলা করা যায় না। ময়লা-আবর্জনা না ফেলার জন্য উপজেলা প্রশাসন এবং পৌর কর্তৃপক্ষকে বার বার জানানো হলেও কোন কাজ হয়নি। 

আরও পড়ুন: নানার বাড়িতে আগুনে পুড়ে দুই ভাই বোনের মৃত্যু

সরেজমিনে দেখা যায়, শুধু শেখ রাসেল মিনি স্টেডিয়ামই নয়, সুষ্ঠু পরিকল্পনার অভাবে শহরের ময়লা আবর্জনা ফেলা হচ্ছে, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পুরাতন রোডের বাইমহাটি, মির্জাপুর সরকারি কলেজ সংলগ্ন, হাসপাতাল রোড, কাঁচা বাজারসহ শহরের গুরুত্বপূর্ণ পয়েন্ট গুলোর সামনে। 

মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার ও শেখ রাসেল মিনি স্টেডিয়াম এবং উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি মো. আবদুল মালেক ইত্তেফাককে বলেন, “বিষয়টি আমার নজরে এসেছে। খেলাধুলার সুষ্ঠু পরিবেশ এবং শেখ রাসেল মিনি স্টেডিয়ামের সৌন্দর্য বৃদ্ধির লক্ষে এমপি মহোদয়, পৌরসভার মেয়র এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান মহোদয়ের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। ”

ইত্তেফাক/আরআই