টিসিবির পেঁয়াজ বিক্রিতে অনিয়মের অভিযোগ, খালি হাতে ফিরছেন ক্রেতারা 

আপডেট : ২৩ জানুয়ারি ২০২০, ১৬:৪০

রাজশাহীতে টিসিবির পেঁয়াজ বিক্রিতে অনিয়মের অভিযোগ উঠেছে। খুচরা বাজারে পেঁয়াজের দাম উর্ধ্বমুখী থাকায় টিসিবির পেঁয়াজের দিকে ঝুঁকছেন ক্রেতারা। কিন্তু দীর্ঘ সময় লম্বা লাইনে দাঁড়িয়ে থেকেও ডিলারদের অনিয়ম ও দুর্নীতির কারণে শেষ পর্যন্ত খালি হাতে ফিরতে হচ্ছে সাধারণ ক্রেতাদের।

ঘোষণা অনুযায়ী টিসিবির প্রত্যেক ডিলারকে প্রতিদিন এক টন করে পেঁয়াজ বিক্রির কথা রয়েছে। পূর্বে পুলিশ পাহারায় এক টন পেঁয়াজ বিক্রি করতে ডিলারদের সন্ধ্যা হলেও এখন তুলনামূলক ঢিলেঢালা লাইনেও দুপুরের আগেই এক টন পেঁয়াজ শেষ হয়ে যাচ্ছে। কয়েকজন ক্রেতার অভিযোগ পেয়ে রাজশাহীর ৫টি পয়েন্টে সরেজমিনে পর্যবেক্ষণ করে নগরীর বিভিন্ন পয়েন্টে একই চিত্র দেখা গেছে। 

বৃহস্পতিবার সকালে নগরীর রেলগেটে পরিচয় গোপন রেখে সাধারণ ক্রেতা হিসেবে পেঁয়াজ কিনতে গিয়ে দেখা যায়। পেঁয়াজ বিক্রি করতে করতে হঠাৎ এক যুবকের ৩টি ব্যাগে ২ কেজি করে ১০ কেজি পেঁয়াজ ৫টি প্যাকেটে পাঠিয়ে দিলেন ডিলার মেসার্স নাহিদ ট্রেডার্সের রজব খান নামের বিক্রেতা। এসময় আরও দেখা যায়, কয়েক দফায় এভাবে পেঁয়াজ অন্যত্র পাঠিয়ে দিলেন একই বিক্রেতা। অথচ সাধারণ কাউকে ২ কেজির বেশি পেঁয়াজ দেওয়া হচ্ছে না।

আরো পড়ুন: তাবিথের বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের অভিযোগ ইসিতে

এত পেঁয়াজ কোথায় পাঠালেন? জানতে চাইলে রেগে উঠে রজব নামের সেই বিক্রেতা বলেন, ‘কে আপনি, আপনার কাছে জবাবদিহি করতে কি আমি বাধ্য নাকি?’ এরপর সাংবাদিক পরিচয় দিয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘ওটা আমার পার্সোনাল পেঁয়াজ। আমার বাসায় পাঠালাম।’ 

দুপুর ১২টার পর সাধারণ ক্রেতারা পেঁয়াজ না পেয়ে ফিরে যাচ্ছেন অথচ এতগুলো পেঁয়াজ আপনার বাসায় পাঠালেন? উত্তরে রজব খান বলেন, ‘এগুলো সরকারি পেঁয়াজ, আমার যা ইচ্ছা তা করব। যত পারেন লিখেন।’ এদিন দুপুর পর্যন্ত নগরীর সবগুলো পয়েন্টেই ক্রেতাদের আগ্রহ দেখা যায়। কিন্তু দুপুরের পর পেঁয়াজ না পেয়ে ক্ষোভ নিয়ে ফিরে গেছেন শত শত ক্রেতা।

রাজশাহীর বাঘা থেকে শহরে আসা স্কুলশিক্ষক আব্দুর রহমান বলেন, ‘কাজে এসেছিলাম শহরে। টিসিবির পেঁয়াজের জন্য লাইনে দাঁড়ালাম। কিন্তু কিছুক্ষণ পর ডিলারের লোকজন বলছেন, আজ আর পেঁয়াজ দেয়া হবে না। বাধ্য হয়ে ফিরে যেতে হলো।’ 

লাইনে তুলনামূলক ভিড় কম তবু এত তাড়াতাড়ি পেঁয়াজ শেষ? এমন প্রশ্নে নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টের টিসিবির পেঁয়াজ বিক্রেতা বলেন, ‘৩ ঘণ্টা ধরে পেঁয়াজ বিক্রি করছি। আর কতক্ষণ ডিউটি করব?’ এমন অনিয়ম প্রতিরোধে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরদারি ও অনিয়মে জড়িত ডিলারদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সাধারণ ক্রেতারা। 

ইত্তেফাক/এএএম