উচ্চতর শিক্ষা আছে জ্ঞান ভারে খুব দামি,
সমাজে দশ জনের চেয়ে কোন দিকে কম আমি!
মস্তক উঁচু তাই তো রাখি জ্ঞানী-গুণীর ঘাঁটিতে—
এই না লোকের অহংকারে পড়ে না পা মাটিতে!
রোজগার আকাশচুম্বী আমার টাকা কাড়ি কাড়ি,
টয়োটা মার্সিডিস ডজন সুরম্য ফ্ল্যাট-বাড়ি।
বের হয়ে এক কদম আমার হয় না মোটেও হাঁটিতে—
এই না লোকের অহংকারে পড়ে না পা মাটিতে!
নেই প্রয়োজন কারোর, আমার—সবাই ভেড়ে ঘাটে,
দুই পা উপর তুলে ঘুমাই নিশ্চিন্তার খাটে।
কাউকে ছাড়াই হয় না আমার কষ্টের দিন কাটিতে—
এই না লোকের অহংকারে পড়ে না পা মাটিতে!
ধার ধারি না কিছুর আমি চিন্তাও নেই কোনো,
এই জনমে পরের দ্বারে যাইনি তো কক্ষনো!
প্রয়োজনে সবাই আসে আমার দু পা চাটিতে—
এই না লোকের অহংকারে পড়ে না পা মাটিতে!
ঢের তো অহম! অনেক হলো—আরে বাপু থাম,
এমন প্রভাব-প্রতিপত্তির নেই কোনো নেই দাম!
