পাঁচ মাস ধরে রামেক হাসপাতালের একমাত্র সিটিস্ক্যান মেশিনটি নষ্ট থাকায় দরিদ্র মানুষ আধুনিক চিকিত্সাযন্ত্রটির সুবিধা থেকে বঞ্চিত। ২০১৭ সালে প্রায় ৯ কোটি টাকা ব্যয়ে আধুনিক সিটিস্ক্যান মেশিনটি বসানো হয়। মাত্র দু বছরে মেশিনটি নষ্ট হয় একাধিকবার। সরকারি টাকায় যন্ত্রপাতি কেনার সময় বাজার দামের চেয়ে কয়েকগুণ বেশি টাকার বিল করে সবচেয়ে কম দামি এবং নিম্নমানের যন্ত্রপাতি কেনার এটা একটা নমুনা হতে পারে। ঘন ঘন নষ্ট হওয়ার কারণে প্রতিবার রিপিয়ারিং থেকে টাকা চুরির সুযোগ হবে। আবার মেশিন আমদানির প্রয়োজন হবে তাড়াতাড়ি। এজন্য সরকারি টাকায় চিকিত্সার যন্ত্রপাতিসহ বিবিধ সামগ্রী ক্রয়ের প্রক্রিয়ায় আমলাতান্ত্রিক জটিলতা নিরসনে কাঠামোগত ও আইনি সংস্কারের প্রয়োজন হলে জনস্বার্থে তা করা উচিত দেশের সংখ্যাগরিষ্ট দরিদ্র মানুষের কষ্ট লাঘবের জন্য। সরকারি টাকায় নিম্নমানের যন্ত্রপাতি ও বিবিধ সামগ্রী আমদানির সঙ্গে জড়িতদের অপরাধ প্রমাণিত হলে আইনি প্রক্রিয়ায় তাদের শাস্তির ব্যবস্থা করে ক্ষতিপূরণ আদায়ের ব্যবস্থা করা উচিত। এ ব্যাপারে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
আব্বাস উদ্দিন আহমদ
ধোপাদিঘির দক্ষিণপাড়, সিলেট ৩১০০
