শুরু হলো ‘ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ’ চতুর্থ বর্ষ

আপডেট : ২৩ জানুয়ারি ২০২০, ২২:০৮

বাংলা ভাষাকে আরো বড়ো পরিসরে ছড়িয়ে দেওয়ার প্রতিশ্রুতি নিয়ে চতুর্থবারের মতো শুরু হলো দেশের সবচেয়ে বড়ো টিভি রিয়্যালিটি শো ‘ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ’। বাংলায় জাগো ভরপুর এ স্লোগানকে সামনে রেখে প্রতিবছরই শুদ্ধ বাংলার চর্চাকে নতুন প্রজন্মের কাছে ছড়িয়ে দেওয়ার প্রত্যয়ে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

সম্প্রতি এক সংবাদ সম্মেলনের মাধ্যমে চতুর্থ বর্ষের জন্যে নিবন্ধন শুরুর ঘোষণা দেওয়া হয়। ২১ জানুয়ারি থেকে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত এ নিবন্ধন চলবে । এ উপলক্ষ্যে আয়োজিত  সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ইস্পাহানির পরিচালক জাহিদা ইস্পাহানি, মির্জা আহমেদ ইস্পাহানি ও এমাদ ইস্পাহানি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর এমিরিটাস ড. সিরাজুল ইসলাম চৌধুরী। সভাপতিত্ব করেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর। বিশেষ অতিথি ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী এবং ইস্পাহানি  লিমিটেডের মহাব্যবস্থাপক  ওমর হান্নানসহ ইস্পাহানি ও চ্যানেল আইয়ের অন্য কর্মকর্তাবৃন্দ।

এ প্রতিযোগিতায়  চূড়ান্ত বিজয়ী পাবেন ১০ লাখ টাকার মেধাবৃত্তি এবং দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী পাবে যথাক্রমে ৩ লাখ ও ২ লাখ টাকার মেধাবৃত্তি। এ ছাড়াও প্রথম ১০ জন প্রতিযোগী পাবে একটি ল্যাপটপসহ ব্যক্তিগত লাইব্রেরি করার জন্যে ৫০ হাজার টাকা সমমূল্যের বাংলা বই ও বইয়ের আলমারি। —প্রেস বিজ্ঞপ্তি