রাজশাহী মহানগরে ছিনতাইকারী চক্র বেপরোয়া!

আপডেট : ২৩ জানুয়ারি ২০২০, ২২:১০

রাজশাহী মহানগরে বেপরোয়া হয়ে উঠেছে ছিনতাইকারী চক্র। সন্ধ্যা হলেই মহানগরের প্রধান সড়ক এমনকি পাড়া-মহল্লার সড়কেও ওত পেতে থাকছে ছিনতাইকারী দল। সুযোগ বুঝে অস্ত্র হাতে ঝাঁপিয়ে পড়ছে পথচারীদের ওপর। বাদ যাচ্ছে না রিকশার যাত্রীরাও।

জানা গেছে, গত রবিবার দিবাগত রাতে ছিনতাইকারীর কবলে পড়েন রাজশাহী মেডিক্যাল কলেজের (রামেক) তিন ছাত্র। নগর ভবন সংলগ্ন রাস্তায় এই ছিনতাইয়ের ঘটনা ঘটে। তিন জনের মধ্যে ছুরিকাহত দুই জনকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরা হলেন—এমবিবিএস পঞ্চম বর্ষের শিক্ষার্থী মিরু আহমেদ (২৩) ও চতুর্থ বর্ষের শিক্ষার্থী আতিকুল ইসলাম (২৩)।

আহত মিরু বলেন, মাঝে মধ্যেই তারা রাতে বাসটার্মিনাল এলাকার হোটেলে খেতে যান। রবিবার রাতেও তিন জন পড়া শেষে কলেজ হোস্টেল থেকে খেতে যান। রাত আড়াইটার দিকে তারা হোটেল থেকে খেয়ে রিকশায় হোস্টেলে ফিরছিলেন। পথে নগর ভবনের সামনের সড়কে দুই ছিনতাইকারী রিকশার সামনে দাঁড়িয়ে যায়। এক জনের হাতে রামদা এবং অপর জনের হাতে ধারালো ছুরি ছিল। এর আগে রবিবার বিকালে নগরীর দোসর মণ্ডলের মোড়ে অটোরিকশারচালক আবদুর রউফকে (১৮) ছুরিকাঘাত করে ছিনতাইয়ের ঘটনা ঘটে। আহত রউফকেও রামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। সম্প্রতি নগরের উপশহর এলাকায় সকালে বৃদ্ধা জিনাতুন নেছা (৬০) হাঁটতে বের হয়ে ছিনতাইকারীর কবলে পড়েন। দুই যুবক মোটরসাইকেলে এসে অস্ত্রের মুখে ওই বৃদ্ধার গলা থেকে দুটি সোনার চেইন এবং একটি কানের দুল খুলে নিয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। গত বছরের ৬ আগস্ট ভোরে ছিনতাইকারীর রামদার আঘাতে রাজশাহী সিটি কলেজের শিক্ষার্থী ফারদিন ইসনা আশারিয়া রাব্বি (১৮) মারা যান। ঈদুল আজহার ছুটিতে দিনাজপুরের পার্বতীপুরের বাড়ি যাচ্ছিলেন তিনি। ছাত্রাবাস থেকে বেরিয়ে রেলওয়ে স্টেশনে যাওয়ার পথে নগরীর বর্ণালী মোড় সংলগ্ন রাস্তায় এ ঘটনা ঘটে। একই মাসে নগরের উপকণ্ঠ কুখণ্ডী বাইপাস এলাকায় সংঘবদ্ধ ছিনতাইকারী চক্র গরু ব্যবসায়ী জরিপ মৃধাকে (৩৬) ছুরিকাঘাতে খুন করে আড়াই লাখ টাকা ছিনিয়ে নেয়। এছাড়া গত ২১ আগস্ট রাজশাহী রেলওয়ে স্টেশনে এক নারীর হাতব্যাগ ছিনতাইয়ের ঘটনা ঘটে। ছিনতাইকারীরা তার পাসপোর্ট নিয়ে যায়। গত বছরের ১৯ সেপ্টেম্বর পুলিশ পাঁচ নারী ছিনতাইকারীকে গ্রেফতার করেছে। অটোরিকশার ভেতর অস্ত্রের মুখে রায়হানা আক্তার জাহান নামের এক নারীকে জিম্মি করে স্বর্ণালঙ্কার ছিনতাইয়ের সময় ধরা পড়ে তারা।

এদিকে গত ২৯ আগস্ট সন্দেহবশত তল্লাশির সময় টহল পুলিশের ওপর ধারালো ছুরি নিয়ে হামলা চালায় তিন ছিনতাইকারী। এ সময় পুলিশ তাদের আটক করে। দিনদুপুরে নগর ভবনের পাশেই কাদিরগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে। ছুরির আঘাতে মাইনুল ইসলাম নামের পুলিশের এক জন সহকারী উপপরিদর্শক আহত হন।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুস বলেন, পাঁচ-ছয় মাস আগে শহরে ছিনতাইকারী একটু বেড়েছিল। মাঝে কমেছে। ইদানীং আবার ছিনতাইকারীরা সক্রিয় হওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ পাচ্ছি। ছিনতাই ঠেকাতে নগরীতে পুলিশের টহল বৃদ্ধি করা হয়েছে। তার পরও দু-একটি ‘বিচ্ছিন্ন’ ঘটনা ঘটে যাচ্ছে