শাবিতে ‘শ্বেতপত্র’ বহনের অভিযোগে আটক তিন

আপডেট : ২৩ জানুয়ারি ২০২০, ২২:১৫

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষক-কর্মকর্তাদের নামে অভিযোগ এনে বেনামে প্রকাশিত শ্বেতপত্রসহ ৩ জনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন, সিলেটের গোয়াইটুলার মো. কছির উদ্দিনের ছেলে মো. শামীম উদ্দীন, মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানার শাষণ গ্রামের বিরেন্দ্র কুমার চক্রবর্তীর ছেলে বিভাষ চক্রবর্তী এবং সুনামগঞ্জ জেলার দিরাই থানার বোয়ালিয়া বাজারের মৃত. দীনেশ দাশের ছেলে প্রান্ত দাশ। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. ইশফাকুল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, তাদের ৩ জনকে জালালাবাদ থানায় হস্তান্তর করা হয়।

এ বিষয়ে জালালাবাদ থানার ওসি মো. ওকিল উদ্দিন বলেন, আটককৃতদের ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে বৃহস্পতিবার আদালতে প্রেরণ করা হয়েছে। আদালতে দোষী প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।