রংপুরে ব্যবসায়ীকে কুপিয়ে আহতের প্রতিবাদে সড়ক অবরোধ

আপডেট : ২৩ জানুয়ারি ২০২০, ২২:১৬

রংপুরে ব্যবসায়ীকে কুপিয়ে আহত করার ঘটনায় সড়ক অবরোধ ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে বিক্ষোভ করেন চারতলা মোড়ের ব্যবসায়ীরা। বুধবার রাত সাড়ে ১০টায় নগরীর চন্দ্রার মোড় বিডিবি গেটসংলগ্ন এলাকায় এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এ সময় তারা হামলাকারীদের গ্রেফতারের দাবি জানায়। আরপিএমপি কোতোয়ালি থানা পুলিশের হস্তক্ষেপে ও আশ্বাসে প্রায় এক ঘণ্টা পর অবরোধ তুলে নেন তারা। জানা যায়, চাঁদা না দেওয়ায় এদিন সন্ধ্যায় রংপুর মহানগরীতে রায়হানুল কবীর লিপন (৩০) নামে এক বিকাশ এজেন্টকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। রংপুর কোতোয়ালি থানার ওসি আব্দুর রশিদ জানান, প্রাথমিক তদন্ত চলছে। মামলার পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।