সরকারের ধারাবাহিকতা বাংলাদেশের অগ্রগতিকে দৃশ্যমান করেছে:প্রধানমন্ত্রী

আপডেট : ২৫ জানুয়ারি ২০২০, ০০:৪৮

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, রাষ্ট্র ক্ষমতায় তার ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের ধারাবাহিকতা দেশের অগ্রগতিকে দৃশ্যমান করেছে। তিনি জনগণের ভাগ্যের পরিবর্তন ঘটানোর লক্ষ্যে সরকারের প্রয়াসে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। শেখ হাসিনা গতকাল বিকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় দলের কেন্দ্রীয় ওয়ার্কিং কমিটি এবং উপদেষ্টা কাউন্সিলের যৌথসভায় বক্তৃতাকালে একথা বলেন।

প্রধানমন্ত্রী  বলেন, ২০০৮ সালের সাধারণ নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ জয়লাভের পর থেকে একটানা তিন মেয়াদের জন্য সরকার ক্ষমতায় রয়েছে। আমাদের সরকারের ধারাবাহিকতার ফলে দেশের উন্নয়ন দৃশ্যমান হচ্ছে এবং জনগণের ভাগ্যের পরিবর্তন ঘটছে। তিনি বলেন, দলের প্রত্যেক নেতাকর্মীকে জাতির পিতার আদর্শে অনুপ্রাণিত হয়ে এগিয়ে যেতে হবে। ইনশাল্লাহ, আমরা বঙ্গবন্ধুর স্বপ্নের ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সোনার বাংলা গড়তে পারবো। প্রধানমন্ত্রী বলেন, তৃণমূল এবং পল্লি এলাকায় বসবাসকারী জনগণ যাতে আমাদের সব অর্জনের সুফল পায় সে লক্ষ্যে তার সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

তিনি বলেন, আমরা উচ্চ প্রবৃদ্ধি হার অর্জন করেছি এবং অর্থনৈতিক দিক থেকে আমরা ভালো অবস্থানে রয়েছি। আমরা সন্ত্রাস, জঙ্গিবাদ ও দুর্নীতির বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রাখবো।

শেখ হাসিনা বলেন, সরকার জাতীয় পর্যায়ে মুজিববর্ষ উদযাপনের জন্য ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে। পাশাপাশি অন্যান্য সংগঠন ও প্রতিষ্ঠানও ভাবগম্ভীর পরিবেশে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উদযাপন করবে।

১৯৭৫ সালে ১৫ আগস্ট জাতির পিতাকে হত্যা করে তার নাম মুছে ফেলার চেষ্টা করা হয় উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘কিন্তু এখন আর কেউ তার নাম মুছতে পারবে না, কারণ তিনি সারাজীবন দেশের মানুষের জন্য কষ্ট সহ্য করেছিলেন। তার ২৪ বছরের সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে এবং জাতির পিতার নেতৃত্বে মুক্তিযুদ্ধের মাধ্যমে বিজয় অর্জিত হয়েছে। শেখ হাসিনা বলেন, আমাদের লক্ষ্য হচ্ছে সব শহিদের আত্মত্যাগের মাধ্যমে অর্জিত স্বাধীনতাকে অর্থবহ করে তোলা।

দীর্ঘ ২১ বছর পর আওয়ামী লীগ সরকার দায়িত্ব গ্রহণের পর দেশ আবারও উন্নয়নের দিকে যাত্রা শুরু করে উল্লেখ করে তিনি বলেন, এটা সম্ভব হয়েছে যেহেতু আমরা জাতির পিতার আদর্শ অনুসরণ করছি।

এর আগে, প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের নবনির্বাচিত কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি এবং উপদেষ্টা পরিষদের সদস্যরা  টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা প্রথমে জাতির পিতার সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। সমাধিসৌধের বেদিতে পুষ্পাঞ্জলি অর্পণের পর প্রধানমন্ত্রী স্বাধীনতার এই মহান স্থপতির প্রতি সম্মান জানাতে সেখানে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন।

পরে শেখ হাসিনা আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি এবং উপদেষ্টা পরিষদের সদস্যদের নিয়ে দলের পক্ষ থেকে সমাধিসৌধের বেদিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণের মাধ্যমে সর্বকালের সর্বশ্রেষ্ঠ এই বাঙালি বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানান।

তারা সেখানে ফাতেহা পাঠ করেন এবং বঙ্গবন্ধুর আত্মার শান্তি কামনা করে অনুষ্ঠিত বিশেষ মোনাজাতে অংশগ্রহণ করেন। মোনাজাতে দেশ ও জাতির অব্যাহত শান্তি, সমৃদ্ধি এবং অগ্রগতি কামনার পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করা হয়। প্রধানমন্ত্রীর সংশ্লিষ্ট সচিবগণ এবং বিশেষ সহকারীগণ এ সময় উপস্থিত ছিলেন।

এর আগে সকাল ১১টায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি হেলিকপ্টারযোগে প্রধানমন্ত্রী জাতির পিতার পৈতৃক নিবাস গোপালগঞ্জের টুঙ্গিপাড়া এসে পৌঁছান। টুঙ্গিপাড়া পৌঁছেই প্রধানমন্ত্রী সরাসরি বঙ্গবন্ধুর সমাধিসৌধে যান এবং সেখানে পবিত্র কোরআন তেলাওয়াত এবং ফাতেহা পাঠ করেন।

উপমহাদেশের অন্যতম প্রাচীন ও বৃহত্ রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি পুনঃ নির্বাচিত হওয়ার পর এটাই ছিল টুঙ্গিপাড়ায় প্রধানমন্ত্রীর প্রথম সফর।

গত ২০ এবং ২১ আগস্ট আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলনে শেখ হাসিনা পর পর ৯ম বারের মতো আওয়ামী লীগের সভাপতি এবং ওবায়দুল কাদের টানা দ্বিতীয় বারের মতো সাধারণ সম্পাদক নির্বাচিত হন।