জমকালো আয়োজনের মধ্য দিয়ে শুরু হলো দেশের সর্ববৃহত্ ফ্যাশন ইভেন্ট ‘ট্রেসেমে বাংলাদেশ ফ্যাশন উইক-২০২০’। রাজধানীর বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন হলে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় তিন দিনব্যাপী এই ফ্যাশন শোর আনুষ্ঠানিক যাত্রায় মিলিত হন একঝাঁক ফ্যাশন ডিজাইনার, ফ্যাশনবোদ্ধা ও সাংবাদিকসহ ফ্যাশন কৌতূহলী বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। ইউনিলিভার হেয়ার ব্র্যান্ড ট্রেসেমে এবং ফ্যাশন ডিজাইন কাউন্সিল অব বাংলাদেশের (এফডিসিবি) যৌথ উদ্যোগে এই আয়োজনে ২১ জন স্থানীয় এবং ৯ জন বিদেশি ডিজাইনার অংশ নিচ্ছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এফডিসিবির প্রেসিডেন্ট মাহিন খান। ফ্যাশন উইকের প্রথম দিনে দেশি ডিজাইনারদের সঙ্গে আন্তর্জাতিক ডিজাইনাররা নিজেদের কালেকশন প্রদর্শন করেন। তারা হলেন—বাংলাদেশের নওশীন খায়ের, রিমা নাজ, তেনজিং চাকমা, রিফাত রহমান, তাসফিয়া আহমেদ, সাদিয়া হোসেন মিশু, আফসানা ফেরদৌসী, ভারতের আনুজ শার্মা ও ঋদ্দি জেইন এবং নেপালের আজয় গুরুং।
দ্বিতীয় দিন সন্ধ্যায় উপস্থাপিত হবে মাহিন খান, এমদাদ হক, শৈবাল সাহা, ফারাহ আঞ্জুম বারী, রুপু শামস, মারিয়া সুলতানা মুমু, শাহরুখ আমিন এবং ভারতের সৌমিত্রা মণ্ডল, শ্রীলঙ্কার সোনালি ধার্মা ওয়ার্দেনার ডিজাইন।
শেষ দিন চন্দনা দেওয়ান, কুহু, লিপি খন্দকার, সারাহ করিম, রিফাত রেজা রাকা, ফারাহ দিবা, সাইজা আহমেদের সঙ্গে একই স্টেজে থাকবেন ভারতের অলকা শার্মা, আসিফ শাইখ এবং ভুটানের চান্দ্রিকা তামাং। এছাড়া বাংলাদেশের টপ হেয়ার স্টাইলিস্টদের সঙ্গে ট্রেসেমে একসঙ্গে কাজ করবে এ বছরের নতুন হেয়ার স্টাইলট্রেন্ড সেট করার লক্ষ্যে।
প্রথম দিনে জমকালো আলোকসজ্জায় রকমারি ডিজাইনের ও ভালো মানের বেশ কিছু ডিজাইন দেখা গেছে বরাবরের মতোই। বর্তমানে পরিবেশবান্ধব পণ্যের দিকে ঝুঁকছে পৃথিবী। তাই বাংলাদেশ ফ্যাশন উইকে যেসব পোশাক দেখানো হবে, সেগুলোতে জোর দেওয়া হয়েছে আবহাওয়া ও পরিবেশ উপযোগী কাপড়ের দিকে। আর নকশায় দেশজ উপাদান ব্যবহার করেছেন ডিজাইনাররা।
আয়োজকরা জানান, আন্তর্জাতিক স্বনামধন্য হেয়ার কেয়ার ব্র্যান্ড ট্রেসেমে বিশ্ব জুড়ে হেয়ার এক্সপার্টস এবং প্রফেশনালদের পছন্দের ব্র্যান্ড। ট্রেসেমের প্রোডাক্ট ব্যবহার হয়ে আসছে বিশ্বের বিভিন্ন ফ্যাশন ইভেন্টসের ব্যাকস্টেজে। ট্রেসেমে ২০১৫ সাল থেকে বিভিন্ন ফ্যাশন ইভেন্টস স্পন্সর করে আসছে। একই ধারায় বাংলাদেশের ফ্যাশন প্ল্যাটফরমে ট্রেসেমে প্রতিষ্ঠিত হয়েছে শক্তিশালী ব্র্যান্ড হিসেবে। গত বছর বাংলাদেশের ফ্যাশন ইন্ডাস্ট্রিকে আরো এক ধাপ এগিয়ে নিতে ট্রেসেমে প্রথমবারের মতো লঞ্চ করে দেশের সবচেয়ে বৃহত্ ফ্যাশন ইভেন্ট, ‘ট্রেসেমে বাংলাদেশ ফ্যাশন উইক ২০১৯’। গত বছরের সাফল্যের ধারাবাহিকতায় এ বছরও আয়োজন করা হয়েছে ট্রেসেমে বাংলাদেশ ফ্যাশন উইক। ইভেন্ট পার্টনার হিসেবে আছে ফ্যাশন ডিজাইন কাউন্সিল অফ বাংলাদেশ (এফডিসিবি) এবং হসপিটালিটি পার্টনার হিসেবে আছে লা মেরিডিয়ান।
