বঙ্গবন্ধু জাদুঘর পরিদর্শন করলেন জুলিও সিজার

আপডেট : ২৩ জানুয়ারি ২০২০, ২২:৪৯

ব্রাজিলের কিংবদন্তি গোলরক্ষক হুলিও সিজার গতকাল বৃহস্পতিবার ধানমণ্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করেছেন। এ সময় তাকে ঘুরিয়ে দেখান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) ট্রাস্টি রাদওয়ান মুজিব সিদ্দিক। দুই দিনের সফরে ২২ জানুয়ারি বাংলাদেশে আসেন জুলিও সিজার। মুজিববর্ষ উপলক্ষ্যে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) আয়োজনে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে প্রায় এক ঘণ্টা সময় কাটান এবং এর প্রতিটি অংশ ঘুরে দেখেন সিজার।

জাদুঘর পরিদর্শনের সময় জাদুঘরের কিউরেটর এন আই খান ও বাফুফে সভাপতি কাজী সালাহউদ্দীন উপস্থিত ছিলেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ধানমন্ডি ৩২ নম্বরে অবস্থিত তার এই বাসভবন সম্পর্কে বিভিন্ন তথ্য জানানো হয় সিজারকে। একই সঙ্গে জাদুঘরের বিভিন্ন অংশের ইতিহাস সম্পর্কেও জানানো হয়।