নওগাঁ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি তিন গরু ব্যবসায়ী নিহত

আপডেট : ২৩ জানুয়ারি ২০২০, ২২:৫০

নওগাঁর পোরশা সীমান্তে ভারতের অভ্যন্তরে বিএসএফের গুলিতে তিন বাংলাদেশি গরু ব্যবসায়ী নিহত হয়েছেন বলে জানা গেছে। বৃহস্পতিবার ভোররাতে উপজেলা দুয়ারপাল সীমান্ত এলাকার ২৩১/১০ (এস) মেইন পিলারের নীলমারী বিল এলাকায় ভারতের মালদা জেলার ক্যাদারীপাড়া ক্যাম্পের বিএসএফ জোয়ানরা ঘটনাটি ঘটিয়েছে বলে জানা গেছে। নিহতরা হলেন জেলার পোরশা উপজেলার বিষ্ণপুর বিজলীপাড়ার গ্রামের শুকরার ছেলে সন্দীপ (২৫), কাঁটাপুকুর গ্রামের মৃত জিল্লুর রহমানের ছেলে কামাল হোসেন (৩২) এবং চকবিষ্ণপুর দীঘিপাড়ার মৃত খোদাবক্সের ছেলে মফিজুল ইসলাম (৩৭)।

এলাকাবাসী ও বিজিবি সূত্রে জানা গেছে, বুধবার রাতে বাংলাদেশের কিছু গরু ব্যবসায়ী সীমান্ত পার হয়ে অবৈধভাবে গরু আনতে ভারতে যায়। গরু নিয়ে ভোররাতে আসার পথে ক্যাদারীপাড়া ক্যাম্পের টহলরত বিএসএফ জোয়ানরা তাদের পেছন থেকে গুলি করে। এ সময় অন্যরা পালিয়ে আসতে পারলেও সন্দীপ ও কামাল সেখানে মারা যায়। তবে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত মফিজুল বাংলাদেশের অভ্যন্তরে নীলমারী বিল এলাকায় এসে মারা যায়। বিজিবি-১৬ হাঁপানিয়া ক্যাম্পের কমান্ডার নায়েব সুবেদার মোখলেছুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করেন। বিজিবি-১৬ (নওগাঁ) ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আরিফুল ইসলাম জানান, পতাকা বৈঠকের জন্য বিএসএফকে চিঠি দেওয়ার প্রক্রিয়া চলছে।