পাংশার মৌশালা বাস স্ট্যান্ডের পাশে একটি ভেজাল গুড় তৈরির কারখানায় আবারও অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় জব্দ করা ৩৫ মণ ভেজাল গুড় ধ্বংস করা হয়। কারখানার মালিক মাধব কুমার পালকে আটক করা হয়েছে। উপজেলার নির্বাহী অফিসার মোহাম্মদ রফিকুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। মাধব পাংশা পৌরসভার মৌশালা পালপাড়া এলাকার জীবন কুমার পালের ছেলে। গতকাল বৃহস্পতিবার ঐ কারখানায় উপজেলা প্রশাসন ও রাজবাড়ী ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন।
জানা গেছে, ২০১৯ সালের ৯ মে ঐ গুড় কারখানায় একইভাবে অভিযান পরিচালনা করে ২৫০ মণ ভেজাল গুড় ধ্বংস করা হয়েছিল। তখন ৫০ হাজার টাকা জরিমানাও আদায় করা হয়। রাজবাড়ীর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শরীফুল ইসলাম বলেন, ‘তাপস পালের গুড় কারখানায়’ দীর্ঘদিন ধরে ভেজাল গুড় তৈরি করে আসছিল। কারখানা থেকে চিটাগুড়, অবৈধ ক্ষতিকারক রং, চিনি, আখের গুড় ও খেজুরের গুড় জব্দ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, গোখাদ্য চিটাগুড়, রং, ফিটকিরি, চিনি মিশিয়ে দীর্ঘদিন ধরে ভেজাল গুড় তৈরি করে আসছিল কারখানাটি। আগামীতে এ অভিযান অব্যাহত থাকবে।
