সম্প্রতি শেষ হওয়া ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে একেবারেই ভালো করতে পারেননি অধিনায়ক ফাফ ডু প্লেসি। এর আগে বিশ্বকাপে অবশ্য ব্যাট হাতে খুব ভালো ফর্মে ছিলেন। কিন্তু সেখানে তার দল আবার ছিল দারুণ ব্যর্থ। সবমিলিয়ে আপাতত ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে এই দক্ষিণ আফ্রিকান অধিনায়ককে। তার বদলে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে অধিনায়কত্ব করবেন কুইন্টন ডি কক।
এই সিরিজে দক্ষিণ আফ্রিকা দল থেকে আরো বিশ্রাম পেয়েছেন নিয়মিত পেসার কাগিসো রাবাদা। বদলে দলে নেওয়া হয়েছে লুঙ্গি এনগিডিকে। অবশ্য যে ইনজুরির জন্য তিনি টেস্ট সিরিজ মিস করেছিলেন, সেখান থেকে পুরো সেরে উঠেছেন কি না সেটা নিশ্চিত নয়। তাই সিরিজের আগে ফিটনেস পরীক্ষা দিতে হবে তাকে। এ ছাড়া গত সপ্তাহেই ১৮০ রানের ইনিংস খেলা টেম্বা বাভুমা ফিরেছেন দলে। সেই সঙ্গে দলে ডাক পেয়েছেন অভিষেকের অপেক্ষায় থাকা পাঁচ জন ক্রিকেটার।
ফাস্ট বোলার লুথো সিপামলা, ডেথ বোলিং বিশেষজ্ঞ সিসান্দা মাগালা, বাঁহাতি স্পিনার বোর্ন ফোরটউইন, উদ্বোধনী ব্যাটসম্যান জানেমান মালান এবং উইকেটরক্ষক ব্যাটসম্যান কাইল ভেরেনি ডাক পেয়েছেন দক্ষিণ আফ্রিকা দলে। যতদূর জানা গেছে, এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ফাফ ডু প্লেসিসহ বেশ কয়েকজন খেলোয়াড় নিজেদের ভবিষ্যত্ পুনর্বিবেচনা করবেন। আর সে জন্যই পর্যাপ্ত ব্যাকআপ তৈরির এই চেষ্টা করছেন দক্ষিণ আফ্রিকার নির্বাচকরা। দক্ষিণ আফ্রিকার স্বতন্ত্র নির্বাচক লিন্ডা জোন্ডি বলেছেন, তারা বিকল্প নেতৃত্ব তৈরি করতে চাচ্ছেন বলেই ডি কককে দায়িত্ব দিয়েছেন, ‘আমাদের নেতা তৈরি করতে হবে। ফাফ আমাদের পরিকল্পনায় ভালো মতোই আছে। সে আমাদের অধিনায়ক। সে মোটেও আমাদের চিন্তার বাইরে চলে যায়নি। তবে এটা আমাদের ভবিষ্যত্ উত্তরাধিকার তৈরির পরিকল্পনার অংশ। কুইনি (ডি কক) হচ্ছে এমন একজন খেলোয়াড়, যাকে নিয়ে আমরা ভবিষ্যত্ পরিকল্পনা করতে পারি।’
ডি কক ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্টে কেপ টাউন ব্লিতজ দলের নেতৃত্ব দিয়ে থাকেন। আর গত সেপ্টেম্বরে তিনি ভারত সফরে দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি দলের অধিনায়ক ছিলেন। ফাফ ডু প্লেসি দায়িত্ব ছেড়ে দিলে তাকে অন্যতম উত্তরসূরি বলে বিবেচনা করা হচ্ছে। তিনি দলের অন্যতম সিনিয়র খেলোয়াড়ও বটে।
ডি ককের ওপর দারুণ সমর্থন রেখেছেন ক্রিকেট দক্ষিণ আফ্রিকার নতুন ক্রিকেট পরিচালক গ্রায়েম স্মিথ। সাবেক এই সফল অধিনায়ক বলেছেন, ‘আমরা জানি, কুইন্টন ডি কক এই সময়ে খেলোয়াড় হিসেবে কত পরিণত হয়ে উঠেছে। গত কয়েক বছর ধরে আমরা তাকে আত্মবিশ্বাসী হয়ে উঠতে দেখেছি। আর সেই সঙ্গে সে বিশ্বের অন্যতম সেরা উইকেটরক্ষক ব্যাটসম্যান হয়ে উঠেছে। আমরা নিশ্চিত যে, নতুন এই নেতৃত্বের দায়িত্ব তার ভেতর থেকে সেরাটা বের করে আনবে। সে দলকে সামনে এগিয়ে নিয়ে যেতে পারবে বলেই আমাদের বিশ্বাস।’
