আট দলের অংশগ্রহণে কাল শনিবার চট্টগ্রামে শুরু হচ্ছে বঙ্গবন্ধু জাতীয় স্কুল হকি প্রতিযোগিতা। চট্টগ্রাম ভেন্যুর দলগুলো হচ্ছে:চট্টগ্রাম মিউনিসিপ্যাল মডেল স্কুল, রেসিডেন্সিয়াল স্কুল, জে এম সেন স্কুল, হাতেখড়ি স্কুল, কক্সবাজারের বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমি, নোয়াখালী জেলা স্কুল, ফেনীর সোনাপুর স্কুল ও রাঙ্গামাটি আইডিয়াল স্কুল। চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে উদ্বোধনী খেলায় চট্টগ্রাম মিউনিসিপ্যাল মডেল স্কুলের বিপক্ষে খেলবে ফেনীর সোনাপুর স্কুল। খেলা শুরু হবে বিকাল তিনটায়।
গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার মিডিয়া কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে বিভিন্ন তথ্য জানান সিজেকেএস হকি কমিটির সম্পাদক মো. লুত্ফুল করিম সোহেল। আরো উপস্থিত ছিলেন ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের আঞ্চলিক প্রধান মো. হাফিজুর রহমান, হকি ফেডারেশনের ভারপ্রাপ্ত সম্পাদক মো. ইউসুফ, সিজেকেএস হকি কমিটির চেয়ারম্যান মো. আবুল হাসেম।
কিশোর ফুটবলে আলোর
ঠিকানা ও শোভনীয়ার জয়
চট্টগ্রামে কিশোর ফুটবল লিগে আলোর ঠিকানা ও মাদারবাড়ি শোভনীয়া ক্লাবের জয় অব্যাহত রয়েছে। গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের প্রথম খেলায় আকিবের হ্যাটট্রিকের সুবাদে আলোর ঠিকানা ৪-০ গোলে চান্দগাঁও স্পোর্টিং ক্লাবকে এবং একই ভেন্যুতে অনুষ্ঠিত দিনের অপর খেলায় আবদুর রহিমের দেওয়া গোলে শোভনীয়া ক্লাব ১-০ গোলে মীর্জাপুর খেলোয়াড় সমিতিকে পরাজিত করে।
বঙ্গবন্ধু জাতীয় ফুটবল : আজ স্বাগতিকদের
মোকাবিলা করবে ফেনী
বঙ্গবন্ধু গোল্ডকাপ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপের আঞ্চলিক পর্বে চট্টগ্রাম জেলা দলের বিপক্ষে খেলবে ফেনী জেলা দল। চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে আজ শুক্রবার দুই দলের খেলাটি শুরু হবে বিকাল তিনটায়। চট্টগ্রাম জেলা দল এরই মধ্যে বান্দরবানের বিপক্ষে দুটি ম্যাচ খেলেছে, একটি জয় এবং অপরটিতে ড্র করে ৪ পয়েন্ট অর্জন করেছে।
