স্কটল্যান্ডের বিপক্ষে জয় পাওয়ার পর অনেকটা নিশ্চিত হয়ে গিয়েছিল বাংলাদেশের সুপার লিগের খেলা। এরপর পাকিস্তান যখন জিম্বাবুয়েকে হারাল, তখন আনুষ্ঠানিকভাবে এটা নিশ্চিত হলো যে, ‘সি’ গ্রুপ থেকে এবারের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে যাচ্ছে বাংলাদেশ ও পাকিস্তান। আজ এই দুই দলের গ্রুপ সেরা হওয়ার লড়াই।
আজ পচেফস্ট্রুমে মুখোমুখি হবে বাংলাদেশ ও পাকিস্তান। সহজেই প্রথম পর্ব পার হওয়ার পর এই দুই দলেই আজ লক্ষ্য থাকবে গ্রুপের শ্রেষ্ঠত্ব নিশ্চিত করা। বাংলাদেশ দল গত দুই বছরে একাধিকবার পাকিস্তানকে হারিয়ে নিজেদের শক্ত অবস্থানে রেখেছে। আগের পারফরম্যান্স ধরে রাখতে পারলে আজ শ্রেষ্ঠত্ব পাওয়া কঠিন কিছু হবে না। আগের ম্যাচে জয়ের পরই বাহাতি স্পিনার রাকিবুল হাসান বলেছিলেন, জয়ের আত্মবিশ্বাস নিয়েই পাকিস্তানের মুখোমুখি হবেন তারা।
বাংলাদেশ ও পাকিস্তান দুই দলই স্কটল্যান্ড ও জিম্বাবুয়েকে হারিয়ে যুব বিশ্বকাপের সুপার লিগ কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে। তবে রান রেট বিবেচনায় এই মুহূর্তে গ্রুপের শীর্ষে রয়েছে বাংলাদেশের যুবারা।
টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের যুবারা বৃষ্টি আইনে ৯ উইকেটের বড়ো ব্যবধানে হারিয়েছিল জিম্বাবুয়েকে। দ্বিতীয় ম্যাচে স্কটল্যান্ডকে মাত্র ৮৯ রানে গুঁড়িয়ে দিয়ে সাত উইকেটে জয় পায় বাংলাদেশ যুব দল।
