আইসিজের রায়ে বিশ্ব সম্প্রদায় মিয়ানমারকে চাপ দিতে আরো যত্নবান হবে --------------- পররাষ্ট্রসচিব

আপডেট : ২৪ জানুয়ারি ২০২০, ০০:১৮

রোহিঙ্গা গণহত্যা মামলায় আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) বৃহস্পতিবার যে রায় দিয়েছে তার ফলে বিশ্ব সম্প্রদায় মিয়ানমারকে চাপ দিতে আরো যত্নবান হবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন। গতকাল সন্ধ্যায় রাজধানীর এক হোটেলে এ রায় নিয়ে এক আলোচনা সভায় যোগ দেওয়ার আগে তিনি এ মন্তব্য করেন।

পররাষ্ট্রসচিব বলেন, মিয়ানমারের বন্ধুরাষ্ট্র হিসেবে পরিচিত দেশগুলোও জাতিসংঘের সদস্য হওয়ায় আইসিজের রায় মেনে চলতে বাধ্য। ‘সেদিক থেকে তারা আরো যত্নবান হবে যে কীভাবে মিয়ানমারকে তারা প্রভাবিত করবে। রায়টি নিরাপত্তা পরিষদেও যাবে। সুতরাং নিরাপত্তা পরিষদেরও দায়দায়িত্ব থাকবে। রায়ে (মিয়ানমারকে) প্রতিবেদন দেওয়ার কথা বলা হয়েছে। এগুলো পর্যবেক্ষণ করার জন্য পুরো আন্তর্জাতিক সম্প্রদায়েরও দায়বদ্ধতা থাকবে।’