মোয়াজ্জেম হোসেন স্মারক বক্তৃতায় ড.মসিউর রহমান

জিডিপির তুলনায় বিনিয়োগ বেশি বাড়া দরকার

আপডেট : ২৪ জানুয়ারি ২০২০, ০০:২২

প্রধানমন্ত্রীর অর্থনৈতিকবিষয়ক উপদেষ্টা ড. মসিউর রহমান বলেছেন, জিডিপির তুলনায় বিনিয়োগ বেশি বাড়া দরকার। নইলে তা প্রবৃদ্ধিকে সমর্থন করে না। আবার বেসরকারি বিনিয়োগ না হলে রাজস্ব আদায় কমে যায়। তিনি বলেন, স্থানীয় শিল্পের প্রসারের জন্য ট্যারিফ বা আমদানি শুল্ক কাঠামোয় প্রতিরক্ষণের (প্রটেকশন) প্রয়োজন রয়েছে; কিন্তু ট্যারিফের স্তর যদি এমন হয়, যার ফলে ঐ পণ্য আমদানি হবে না। তাতে স্থানীয় শিল্পের একচেটিয়া বাজার শক্তিশালী হয়।

গতকাল বৃহস্পতিবার রাজধানীর পল্টনে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) কার্যালয়ে সংগঠন আয়োজিত সাংবাদিক মোয়াজ্জেম হোসেন স্মারক বক্তৃতায় তিনি এসব কথা বলেন। ইআরএফ সভাপতি সাইফ ইসলাম দিলালের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক এস এম রাশিদুল ইসলাম।

ড. মসিউর আরো বলেন, বাংলাদেশে গার্মেন্টস খাত, ইলেকট্রনিক্সসহ বিভিন্ন খাতকে প্রতিরক্ষণ দেওয়ার জন্য আমদানিতে উচ্চশুল্ক আরোপ করা হয়েছে। এই ব্যবস্থা দীর্ঘদিন ধরেই চলছে। উচ্চশুল্কের কারণে ভোক্তার পকেট থেকে বাড়তি অর্থ চলে যাচ্ছে। এটি বিশ্ববাণিজ্য সংস্থার (ডব্লিওটিও) নীতির সঙ্গেও সাযুজ্যপূর্ণ নয়। এ ধরনের প্রতিরক্ষণের কারণে শিল্পোদ্যোক্তাদের নতুন প্রযুক্তি নেওয়ার আগ্রহ কিংবা প্রতিযোগিতা সক্ষমতা তৈরি হয় না।

উল্লেখ্য, মোয়াজ্জেম হোসেন ছিলেন দেশের প্রথম বিজনেস নিউজপেপার ফিন্যানসিয়াল এক্সপ্রেসের সম্পাদক ও ইআরএফের প্রতিষ্ঠাতা সভাপতি। গত বছর এই দিনে তিনি মারা যান।