বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার নির্বাচনকে একটা ছেলে খেলা হিসেবে নিয়েছে, তারা ইভিএম দিয়ে নির্বাচন করতে যাচ্ছে। কারণ তারা জানে ইভিএম ছাড়া তাদের নির্বাচন করা সম্ভব না। আমরা বারবার ইভিএমের বিরোধিতা করেছি, কিন্তু এই নির্বাচনে অংশ নিচ্ছি। গতকাল বৃহস্পতিবার হাইকোর্ট মাজার সংলগ্ন গেটের সামনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে ধানের শীষের মেয়র প্রার্থী ইশরাক হোসেনের প্রচারণায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, নির্বাচন কমিশন সম্পূর্ণভাবে পক্ষপাতদুষ্ট। প্রচারণা শুরু হওয়ার পর থেকে ইশরাকের মিছিলে আক্রমণ হয়েছে, তাবিথের মিছিলেও আক্রমণ হয়েছে। তাবিথের ওপর শারীরিকভাবে আক্রমণ হয়েছে। আমরা নিন্দা জানিয়েছি, প্রতিবাদ করেছি। কিন্তু এখন পর্যন্ত ঠুঁটো জগন্নাথ, অযোগ্য নির্বাচন কমিশন কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। আমরা অবিলম্বে দোষী ব্যক্তিদের গ্রেফতারের দাবি জানাচ্ছি।
ইশরাকের প্রচারণায় এ সময় জয়নাল আবেদীন ফারুক, নিতাই রায় চৌধুরী, মাহবুবউদ্দিন খোকন, খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেল, ফজলুল হক মিলন, নাজিমউদ্দিন আলম, কামরুজ্জামান রতন, এ বি এম মোশাররফ হোসেন, সুলতান সালাউদ্দিন টুকু, শফিউল বারী বাবু, আবদুল কাদের ভুঁইয়া, রফিক শিকদারসহ বিএনপির অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
