ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ৪২ নম্বর ওয়ার্ডের বেরাইদে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের ৯ জন আহত হয়েছে। আহতদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সা দেওয়া হয়েছে। বুধবার গভীর রাতে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
বাড্ডা থানার ওসি পারভেজ ইসলাম বলেন, কাউন্সিলর পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বাড্ডা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম (লাটিম) এবং আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী স্থানীয় সংসদ সদস্য রহমত উল্লাহর ভাগ্নে আইয়ুব আনছার মিন্টুর (ঘুড়ি) সমর্থকদের মধ্যে মারামারি হয়েছে। দুই পক্ষই একে অপরের আত্মীয়। তবে নির্বাচনকে ঘিরে তাদের এক পক্ষ লাটিম ও অপর পক্ষ ঘুড়ি প্রতীকের পক্ষে প্রচারণা চালাচ্ছে। নির্বাচনী প্রচারণা ঘিরেই তাদের মধ্যে সংঘর্ষ হয়। বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত কোনো পক্ষই থানায় অভিযোগ দায়ের করেনি বলে ওসি জানান।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল সূত্র জানায়, আহতদের মধ্যে ঘুড়ি প্রতীকের সমর্থকরা হলেন ফাতেমা, মাসুম, আসাদুল, রুবিনা, রিপন ও আজিজুল। লাটিম প্রতীকের আহত সমর্থকরা হলেন ফয়সাল, মিনহাজ ও সাইফুর রহমান।
লাটিম প্রতীকের আহত সমর্থক ফয়সাল বলেন, ঘটনার সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই। মজিবুর রহমান আমার সত্ চাচা। তারা আমাদের একটি বাড়ি দীর্ঘদিন ধরে দখল করে আছে। এ নিয়ে পালটা পালটি মামলা চলছে। বুধবার রাতে এ বিষয় নিয়ে প্রথমে কথা কাটাকাটি হয়। পরে অতর্কিতভাবে তারা আমাদের বাড়িতে হামলা চালায়। এ সময় দুই পক্ষের লোকজনই আহত হয়।
ঘুড়ি প্রতীকের আহত রুবিনা বলেন, রাতে খাওয়া সেরে আমরা ঘুমিয়ে পড়ি। এ সময় লাটিম মার্কার লোকজন তাদের বাড়িতে হামলা-ভাঙচুর করে। পরে চিত্কার শুনে প্রতিবেশীরা এসে আহতদের ঢামেক হাসপাতালে নিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে হামলাকারীরা পালিয়ে যায়।
